Bartaman Logo
১৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

প্রস্তুতি শুরু পারাদেসের, প্রচণ্ড গরম সামলাতে কুলিং ভেস্টের ব্যবহার আর্জেন্তিনারও

আর্জেন্তিনার ফুটবলাররা তীব্র গরমে কুলিং ভেস্ট ব্যবহার করছে। মেসির হ্যাটট্রিকের পর প্রস্তুতি শুরু হয়েছে অস্ট্রিয়ার বিরুদ্ধে। বিস্তারিত পড়ুন।

প্রস্তুতি শুরু পারাদেসের, প্রচণ্ড গরম সামলাতে কুলিং ভেস্টের ব্যবহার আর্জেন্তিনারও
  • ১৯ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

কানসাস সিটি: বিশ্বকাপের শুরু থেকেই চর্চায় আমেরিকার তীব্র গরম আর আর্দ্রতা। ফুটবলারদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে ইতিমধ্যেই ম্যাচ চলাকালীন চালু করা হয়েছে হাইড্রেশন ব্রেক। পাশাপাশি বিশ্বকাপে অংশগ্রহকারী দলগুলি তীব্র গরম সামলাতে সকালের দিকে প্রস্তুতি সারছে। তবে আমেরিকায় দু’টি ম্যাচের মধ্যে দীর্ঘ বিমানযাত্রার ধকলও সামলাতে হবে খেলোয়াড়দের। এমন পরিস্থিতিতে অভিনব কুলিং ভেস্টের ব্যবহার করে স্পেন। কাপযুদ্ধের প্রথম দিন থেকেই অনুশীলনে এই বিশেষ জ্যাকেট পরেই প্রস্তুতি সারেন লামিনে ইয়ামাল-পেড্রিরা। এবার আর্জেন্তিনা শিবিরেও দেখা গেল সেই ভেস্টের ব্যবহার।

Advertisement

আলজেরিয়ার বিরুদ্ধে দাপুটে জয় দিয়ে বিশ্বকাপের অভিযান শুরু করেছে লায়োনেল স্কালোনি ব্রিগেড। ম্যাচে দুরন্ত হ্যাটট্রিক মেসির। আগামী সোমবার গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে অস্ট্রিয়ার মুখোমুখি হবে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা। বুধবার তারই প্রস্তুতিতে নেমে পড়েন ডে পল-আলভারেজরা। আলজেরিয়া ম্যাচে খেলা ফুটবলাররা মূলত রিকভারি সেশন সেরেই বিশ্রাম নেন। তবে বাকিরা পুরোদমেই প্রস্তুতি সারেন। অনুশীলনের সময় কানসাসের তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াস। এই গরমে শারীরিক সক্ষমতা ধরে রাখতে ফুটবলারদের গায়ে দেখা যায় কুলিং ভেস্ট। যেখানে একাধিক পকেটে রাখা হয় ঠান্ডা জেল, যা শরীরের তাপমাত্রা কমিয়ে খেলোয়াড়দের ক্লান্তি অনেকটাই দূর করে।
চোট নিয়েই বিশ্বকাপের প্রস্তুতিতে যোগ দিয়েছিলেন দলের একঝাঁক ফুটবলার। তবে গত দু’সপ্তাহে সেই সমস্যা অনেকটাই মিটেছে। প্রথম ম্যাচে শুরু থেকে মাঠে নামেন মেসি, এমিলিয়ানোরা। জড়তা কাটিয়ে এখন অনেকটাই চনমনে জুলিয়ান আলভারেজ। পাশাপাশি বল পায়ে পুরোদমে অনুশীলন শুরু করেছেন লিয়ান্ড্রো পারাদেস। ফলে অষ্ট্রিয়ার বিরুদ্ধে তাঁর দলে ফেরার সম্ভবনা প্রবল। একমাত্র নিকোলাস টাগলিয়াফিকো এখনও পুরোপুরি ফিট নন। হন্ডুরাসের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে চোট পেয়েছিলেন এই লেফট উইং-ব্যাক। বুধবারও আলাদাই প্রস্তুতি সারেন তিনি। পরবর্তী ম্যাচের আগে এখন চারটি প্র্যাকটিস সেশন হাতে রয়েছে। এই পর্বে টাগলিয়াফিকো কতটা রিকভারি করছেন, তার উপর তাঁর দলে ফেরার বিষয় নির্ভর করছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ