তুরস্ক-০ : প্যারাগুয়ে- ১
তুরস্ক-০ : প্যারাগুয়ে- ১
সান ফ্রান্সিসকো: প্যারাগুয়ে-তুরস্ক ম্যাচে কিক-অফের বাঁশি সবে বাজিয়েছেন রেফারি। অনেক দর্শক তখন মাঠে ঢুকছেন। বেজে উঠল গোলের লম্বা বাঁশি। মাতিয়াস গালারজার একমাত্র লক্ষ্যভেদে চলতি আসরে প্রথম জয় ছিনিয়ে নিল প্যারাগুয়ে। সেই সুবাদে নক-আউটে যাওয়ার আশা জাগিয়ে রাখল তারা। টানা দু’ম্যাচ হেরে স্বপ্ন শেষ তুরস্কের।
ম্যাচের বয়স তখন সবে ৬৫ সেকেন্ড। বক্সের বাইরে পাওয়া বলে গোলা দেগে জাল কাঁপান গালারজা (১-০)। সেই সঙ্গে চলতি কাপ যুদ্ধে দ্রুততম গোলটি সেরে ফেলেন তিনি। বিশ্বকাপে দ্রুততম গোলের নিরিখে এটি প্রথম দশে জায়গা করতে পারেনি। এরপর তুরস্ক ম্যাচে ফেরার মরিয়া চেষ্টা চালায়। প্রথমার্ধের সংযোজিত সময়ে সরাসরি লাল কার্ড দেখেন মিগেল আলমিরন। মুখে হাত চাপা দিয়ে প্রতিপক্ষের খেলোয়াড়ের সঙ্গে কথা বলেন তিনি। মনিটরে তা দেখে লাল কার্ড দেখান রেফারি। চলতি আসরে ফিফার নতুন নিয়ম এটি। তবে ১০ জনের প্যারাগুয়েকে পেয়েও কাজে লাগাতে পারেনি তুরস্ক। মোট ৩২টি শট নিয়েও জাল কাঁপাতে ব্যর্থ তারা।