ছোট্ট বন্ধুরা, মজার মজার হাতের কাজ তৈরি করতে কার না ভালো লাগে! কাগজ দিয়ে তৈরি নানারকম হাতের কাজ শেখাচ্ছেন শিল্পী পায়েলিমা মাইতি। তাঁর সঙ্গে কথা বললেন শান্তনু দত্ত।
ছোট্ট বন্ধুরা, মজার মজার হাতের কাজ তৈরি করতে কার না ভালো লাগে! কাগজ দিয়ে তৈরি নানারকম হাতের কাজ শেখাচ্ছেন শিল্পী পায়েলিমা মাইতি। তাঁর সঙ্গে কথা বললেন শান্তনু দত্ত।
আর মাত্র কয়েকদিন। তারপরই ভাই-বোনদের প্রিয় উৎসব— রাখি বন্ধন। অন্য সময় তুমুল ঝগড়া হলেও এই বিশেষ দিনের অপেক্ষায় থাকে সকলেই। সম্পর্ককে আরও মজবুত করতে এক সুতোয় বেঁধে রাখার উৎসব রাখি পূর্ণিমা। নানা আয়োজনের মাঝে এই বিশেষ দিনে থাকে উপহার বিনিময়ও। এ বছরও নিশ্চয়ই ভাই-বোনেরা একে অপরের জন্য বিশেষ কোনো উপহারের পরিকল্পনা করছে। সেই উপহারের পাশাপাশি রাখিও হাতে তৈরি করে বোনেরা ভাইদের হাতে দিতে পার। ছোট্ট বন্ধুরা জানো, রাখি তৈরি করা খুব সহজ। রঙিন কাগজ দিয়ে সহজেই বানিয়ে নেওয়া যায়। কীভাবে? চল আজ কাগজ দিয়ে রাখি তৈরি নিই।
কী কী লাগবে
রঙিন কাগজ বা চার্ট পেপার
উল বা মোটা সুতো
কাঁচি
আঠা
পেনসিল
স্কেল
মাপ নেওয়ার জন্য গোল ঢাকনা
রঙিন স্কেচপেন
ছোটো পুঁতি, কাগজের ফুল বা স্টিকার
কীভাবে তৈরি হবে?
প্রথম ধাপ: প্রথমে একটি রঙিন কাগজ নাও। কাগজের উপর একটি গোল ঢাকনা রেখে পেনসিল দিয়ে তার চারপাশে দাগ টেনে একটি গোল আকৃতি তৈরি কর। এরপর সেই গোল দাগ বরাবর কাঁচি দিয়ে কাগজটি কেটে নাও। কাঁচি ব্যবহারের সময় অবশ্যই বাড়ির বড়োদের সাহায্য নিও। এবার একইভাবে অন্য রঙের কাগজ থেকে আরও একটি একটু ছোটো গোল আকৃতি কেটে নিতে হবে। দু’টি গোল কাগজ আঠা দিয়ে ভালোভাবে জুড়ে দাও।
দ্বিতীয় ধাপ: রাখিটিকে আরও সুন্দর করতে কাগজ দিয়ে ফুলের আকৃতি বানাতে পার। অন্য রঙের একটি কাগজ নাও। পেনসিল দিয়ে ছোটো ছোটো পাপড়ির আকৃতি আঁকো। একটি ফুলের জন্য পাঁচ বা ছ’টি পাপড়ি আঁকতে পার। এবার পাপড়িগুলি কাঁচি দিয়ে কেটে নাও। পাপড়িগুলি গোল কাগজের চারপাশে একে একে সাজিয়ে অল্প আঠা দিয়ে
জুড়ে নাও।
তৃতীয় ধাপ: এবার ফুলের মাঝখানটি সাজাতে হবে। কাগজের উপর ছোটো পুঁতি, কাগজের ছোটো গোল টুকরো বা স্টিকার লাগিয়ে ডিজাইন করতে পার। প্রয়োজনে রঙিন স্কেচপেন দিয়ে বিভিন্ন নকশা এঁকেও নেওয়া যায়।
চতুর্থ ধাপ:এবার রাখির সঙ্গে বাঁধার জন্য সুতো তৈরি করতে হবে। রঙিন উল বা মোটা সুতো নাও। হাতে কয়েকবার পেঁচিয়ে
সুতোর প্রয়োজনীয় দৈর্ঘ্য
মেপে নাও। তারপর দুই
পাশ সমান রেখে কেটে নাও। একটি রাখির জন্য সাধারণত এমন লম্বা সুতো দরকার হবে, যাতে কবজির চারপাশে নিয়ে সহজে বাঁধা যায়। চাইলে দুই বা তিনটি রঙের সুতো একসঙ্গে নিয়ে হালকা করে পাকিয়ে নিতে পার। এতে রাখিটি দেখতে আরও সুন্দর হবে।
পঞ্চম ধাপ: এবার তৈরি করা সুতোর ঠিক মাঝখানটি বের কর। রাখির পিছনের দিকে সেই মাঝের অংশটি রাখ।
ষষ্ঠ ধাপ: সুতোর মাঝখানে সামান্য আঠা লাগিয়ে রাখির পেছনের কাগজের সঙ্গে জুড়ে দাও। ব্যস, তাহলেই তোমার রাখি তৈরি। এবার হাতে বানানো এই রাখি পরিয়ে দাদা অথবা ভাইকে চমকে দাও।