Bartaman Logo
১৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রবিবার

কাগজের পেনদানি

ছোট্ট বন্ধুরা, মজার মজার হাতের কাজ তৈরি করতে কার না ভালো লাগে! কাগজ দিয়ে তৈরি নানারকম হাতের কাজ শেখাচ্ছেন শিল্পী পায়েলিমা মাইতি। তাঁর সঙ্গে কথা বললেন শান্তনু দত্ত।

কাগজের পেনদানি
  • ১৩ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

শুরু হয়েছে নতুন বিভাগ ‘হরেকরকম হাতের কাজ’। সুন্দর ক্রাফট তৈরির হদিশ মিলবে। এবারের বিষয় কাগজের পেনদানি।

Advertisement

ছোট্ট বন্ধুরা, তোমরা নিশ্চয়ই ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবস পালন করেছ? বিশেষ এই দিনে ছাত্রছাত্রীরা তাদের প্রিয় শিক্ষক-শিক্ষিকাকে উপহার দেয়। রিটার্ন গিফট হিসাবে তোমরাও নিশ্চয়ই পেন, পেনসিল পেয়েছ? সেগুলি গুছিয়ে রাখার জন্য পেনদানি খুবই দরকারি। বাজার থেকে পেনদানি কিনে ব্যবহার করা যায় ঠিকই, তবে নিজের হাতে পেনদানি তৈরির আলাদা মজা রয়েছে। তাই না? চল, বাড়িতে থাকা কিছু কাগজ, আঠা ও কাঁচি ব্যবহার করেই সহজে সুন্দর একটি পেনদানি তৈরি করে নিই।

কী কী লাগবে? 
 মোটা রঙিন কাগজ বা চার্ট পেপার 
 সাদা কাগজ
 পেনসিল 
 স্কেল 
 গোল কোনো পাত্র বা কম্পাস 
 কাঁচি ও আঠা

কীভাবে তৈরি হবে? 
 প্রথম ধাপ: প্রথমে একটি মোটা কাগজ নাও। চার্ট পেপার বা মোটা রঙিন কাগজ হলে ভালো হয়। স্কেল দিয়ে কাগজের উপর প্রায় ২৫ সেন্টিমিটার লম্বা এবং ১৫ সেন্টিমিটার চওড়া একটি আয়তক্ষেত্র আঁকো। একটি ছোটো পেনদানি তৈরির জন্য এই মাপটি উপযুক্ত। তুমি চাইলে আরও বড়ো মাপের আয়তক্ষেত্র এঁকে নিতে পার। এবার দাগ বরাবর কাঁচি দিয়ে কাগজটি কেটে নাও। কাগজ কাটার সময় ধীরে ধীরে কাঁচি চালাবে, যাতে চারদিক সমান থাকে। আর কাঁচি ব্যবহার করার সময় কিন্তু বড়োদের সাহায্য নিও। 

 দ্বিতীয় ধাপ: এবার কেটে নেওয়া আয়তাকার কাগজটি টেবিলের উপর রেখে গোল তৈরি করে নাও। যেখানে দু’টি প্রান্ত মিলছে, সেখানে আঠা লাগিয়ে দাও। গোলাকার এই কাগজটিই পেনদানির বডি। তবে গোল করার সময় একটা বিষয় খেয়াল রেখ, কাগজটি যেন খুব বেশি সরু বা খুব বেশি চওড়া না হয়ে যায়। তাহলে দেখতে খারাপ লাগবে।  

 তৃতীয় ধাপ: এবার পেনদানির নীচের অংশটি তৈরি করতে হবে। এর জন্য একটি আলাদা মোটা কাগজ নাও। পেনদানির মুখটি কাগজের উপর রেখে তার চারপাশে পেনসিল দিয়ে একটি বৃত্ত এঁকে নাও। বৃত্তটি পেনদানির নীচের অংশের চেয়ে সামান্য বড়ো রেখ। কম্পাস না থাকলে বাটি, কাপ বা অন্য কোনো গোল পাত্র ব্যবহার করেও বৃত্ত এঁকে নিতে পার। এবার আঁকা বৃত্তটি কাঁচি দিয়ে সাবধানে কেটে নিও।  

 চতুর্থ ধাপ: এবার আগে থেকে তৈরি করা গোল কাগজটি পেনদানির নীচে বৃত্তটি রেখে আঠা দিয়ে লাগিয়ে নাও। বৃত্তটির আকার গোলাকার কাগজটির থেকে সামান্য বড়ো হওয়ায় তা মুড়ে নাও। তাহলেই তোমার পেনদানির মূল অংশ তৈরি। 
 
 পঞ্চম ধাপ: এবার পেনদানিটি সুন্দর করে সাজিয়ে নাও। অন্য রঙের কাগজ দিয়ে সরু ফালি কেটে পেনদানির উপরে এবং নীচের দিকে লাগাতে পার। রঙিন কাগজ থেকে ফুল, পাতা, তারা, প্রজাপতি বা ছোটো ছোটো গোল কেটে নিয়েও লাগিয়ে নিতে পার। এভাবে সাজালে পেনদানিটি আরও বেশি সুন্দর লাগবে দেখতে। 

পেনদানিটি তৈরি হয়ে গেলে পেন, পেনসিল, রাবার, স্কেল ইত্যাদি ভিতরে রাখতে পার। কাউকে উপহার হিসাবেও দিতে পার তোমার হাতে তৈরি পেনদানিটি। 

Advertisement
সম্পর্কিত সংবাদ