ক্রাইস্টচার্চ: বেপরোয়া শটে উইকেট ছুড়ে দিয়ে চর্চায় ঋষভ পন্থ। দল বিপদে, এমন পরিস্থিতিতে কি ক্রিজ ছেড়ে এগিয়ে এসে জ্যাকব ডাফিকে তুলে মারা উচিত ছিল তাঁর? ক্রিকেটমহল থেকে নেটদুনিয়া— সর্বত্র চলছে চর্চা। প্রাক্তন ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন যেমন ক্ষোভের সঙ্গে বলেছেন, ‘এখনও পর্যন্ত পন্থ টেস্টে ৯টা শতরান করেছে। তার মধ্যে মাত্র দুটোতে টেস্ট জিতেছে ভারত। জঘন্য শট খেলে কারও আউট হওয়ার ফলে যদি দল হারে, তবে সেটা মানা যায় না।’ কেউ কেউ আবার প্রশ্ন তুলেছেন যে পন্থের একটা শট কেন বাকিদের ব্যর্থতাকে আড়াল করতে ব্যবহৃত হবে। টিম ইন্ডিয়ার স্পিন বোলিং কোচ সাইরাজ বাহুতুলে বলেছেন, ‘প্রত্যেক ব্যাটারের নিজস্ব পরিকল্পনা থাকে। সেই অনুসারে সিদ্ধান্ত নেওয়ার সময় ভুল হতেই পারে। হ্যাঁ, সেই সময় আমাদের পার্টনারশিপ প্রয়োজন ছিল।’ উল্লেখ্য, এদিনই বেন স্টোকসকে টপকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোর রেকর্ড গড়েন পন্থ। এই প্রতিযোগিতায় তাঁর ছক্কার সংখ্যা এখন ৮৯টি।



