নিজস্ব প্রতিনিধি, তমলুক: রাজ্য সরকার স্কুলে স্কুলে সাপ্লিমেন্টারি নিউট্রিশন হিসেবে মিড-ডে মিলে ১০দিন ডিম ও একদিন মাংস দেওয়ার নির্দেশিকা জারি করেছিল। তারই অঙ্গ হিসেবে বৃহস্পতিবার পাঁশকুড়ার প্রতাপপুর-১ পঞ্চায়েতের ধুলিয়াপুর পল্লিশ্রী বাণীমন্দিরে মিড-ডে মিলে ফ্রায়েড রাইস, পনির, বেগুনি ও পাঁপড় খাওয়ানো হল। হরিচাঁদ ঠাকুরের জন্মদিন উপলক্ষ্যে বৃহস্পতিবার সরকারি ছুটির দিন থাকলেও সিলেবাস শেষ করার লক্ষ্যে পরিচালন সমিতি রেজোলিউশন নিয়ে এদিন স্কুল খোলা রাখে। সেইসঙ্গে এদিন স্কুলে বিশেষ মেনুর ব্যবস্থা ছিল। স্কুলে খাওয়াদাওয়ার ভালো বন্দোবস্ত হওয়ায় পড়ুয়ারা খুশি।
ধুলিয়াপুর পল্লিশ্রী বাণীমন্দির পাঁশকুড়ার গ্রামীণ এলাকার একটি গুরুত্বপূর্ণ উচ্চমাধ্যমিক বিদ্যালয়। বর্তমানে এখানে ছাত্রছাত্রীর সংখ্যা ১৯৬৫। এবার ওই স্কুল থেকে ২৩৮জন মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। উচ্চমাধ্যমিক দিয়েছেন ১৭৫জন ছাত্রছাত্রী। ২৭জন স্থায়ী শিক্ষক ছাড়াও পাঁচজন পার্শ্বশিক্ষক এবং ছ’জন অশিক্ষক কর্মী আছেন। এখনও ছ’জন শিক্ষকের পদ ফাঁকা। এতে পঠনপাঠনে সমস্যা হয়। ২০২৩সালে উচ্চমাধ্যমিকে এই স্কুলের ছাত্র নবম হয়েছিল। ২০১৫সালে এখানকার পড়ুয়া মাধ্যমিকে দশম স্থান অধিকার করে।
পড়াশোনা থেকে শুরু করে সহপাঠ্যক্রমিক কাজকর্মেও ব্লকের মধ্যে সামনের সারিতে রয়েছে এই বিদ্যালয়। সাপ্লিমেন্টারি নিউট্রিশন নিয়ে রাজ্য সরকারের নির্দেশিকা আসতেই স্কুল কর্তৃপক্ষ পঞ্চম-অষ্টম শ্রেণি পর্যন্ত ১০৫৫জন পড়ুয়ার পুষ্টির দিকে নজর দিতে বিশেষ উদ্যোগী হয়। তারপর থেকে মিড-ডে মিলে তিনবার মুরগির মাংস রান্না হয়েছে। ডিমের ঝোলের সঙ্গে মিড-ডে মিলের পাতে ফল, দই ও মিষ্টি পড়েছে। একবার পায়েস ও আইসক্রিম দেওয়া হয়েছিল। বৃহস্পতিবার ফ্রায়েড রাইস, পনির, বেগুনি ছিল।
স্কুলের প্রধান শিক্ষক তাপস মুখোপাধ্যায় বলেন, মিড-ডে মিলে সাপ্লিমেন্টারি নিউট্রিশন শুরুর পর থেকে পঞ্চম-অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের হাজিরা তুলনামূলক বেড়েছে। বৃহস্পতিবার আমরা পড়ুয়াদের জন্য ফ্রায়েড রাইসের বিশেষ মেনু রেখেছিলাম। এদিন ৬০০’র কাছাকাছি পড়ুয়া উপস্থিত ছিল। স্কুলের অপর শিক্ষক নির্মল বর্মন বলেন, এবার আমাদের স্কুলে মাধ্যমিকের সেন্টার পড়েছিল। যেকারণে কিছুদিন স্কুলে ক্লাস হয়নি। সিলেবাস খানিকটা পিছিয়ে রয়েছে। তাই পরিচালন সমিতি প্রস্তাব নিয়ে বৃহস্পতিবার স্কুল খোলা রাখে। সিলেবাস কভার হয়ে যাওয়ার পর আমরা অন্য একদিন এই ছুটি ম্যানেজ করব বলে ছাত্রছাত্রীদের জানিয়েছি।