নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চলতি মরশুমে একই সঙ্গে কলকাতা লিগ ও আইএফএ শিল্ড ঘরে তুলেছে মোহন বাগান। জোড়া সাফল্য উদযাপনে বুধবার দুপুরে ক্লাব লনে পতাকা উত্তোলন করলেন সবুজ-মেরুন কোচ পানোস। সঙ্গে ছিলেন মরশুমে ঘোষিত অধিনায়ক শুভাশিস বসু, সুহেল ভাট ও ক্লাব কর্তারা। উৎসবের মুহূর্তে গ্রিক কোচের মন্তব্য, ‘আমাদের মূল লক্ষ্য আইএসএল। সমর্থকরা ধৈর্য্য ধরুন। আগামী দিনে দল ভালো ফুটবল উপহার দেবে।’ কোচ পানোসের ভূয়সী প্রশংসা করে ক্লাব সভাপতি দেবাশিস দত্ত বলেন, ‘আরপিএসজি’র সঙ্গে মোহন বাগান যুক্ত হওয়ার পর যত কোচ এসেছেন, পানোস তাঁদের মধ্যে অনন্য। উনি ক্লাবের আবেগ ও আদর্শ সম্পর্কে ওয়াকিবহাল। আমাদের বিশ্বাস আইএসএলেও সাফল্য এনে দেবেন পানোস।’ ক্লাব তাঁবু থেকে সরাসরি যুবভারতীর প্র্যাকটিস গ্রাউন্ডে পৌঁছান গ্রিক কোচ এবং ফুটবলাররা।
বুধবার পাঞ্জাব ম্যাচের প্রস্তুতিও শুরু করে দিল মোহন বাগান। আগামী শনিবার ঘরের মাঠে নামবে সবুজ-মেরুন ব্রিগেড। তার আগে ম্যাকলারেন, মিগুয়েল ও আপুইয়াকে ফিট করে তোলাই কোচ পানোসের প্রধান লক্ষ্য। মঙ্গলবার হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন মিজো মিডিও। এদিনও তাঁকে বিশ্রাম দিয়েছে টিম ম্যানেজমেন্ট। সেই তালিকায় রয়েছেন মিগুয়েলও। এদিনের অনুশীলনে অনুপস্থিত তিনি। ম্যাকা কেবল ফিজিওর তত্ত্বাবধানে দীর্ঘক্ষণ রিহ্যাব করেন। তবে পাঞ্জাবের বিরুদ্ধে তাঁকে স্কোয়াডে রাখার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে থিঙ্কট্যাঙ্ক। দলের বাকি ফুটবলাররা হালকা অনুশীলন সারেন।



