নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: উত্তরপাড়ার ভদ্রকালীর একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে আগুনকে ঘিরে বুধবার দুপুরে আতঙ্ক ছড়ায়। জানা গিয়েছে, এদিন স্কুল চলাকালীন আচমকা ধোঁয়া ও পোড়া গন্ধ চারদিকে ছড়িয়ে পড়ে। দ্রুত দমকলকে খবর দেওয়া হয়। ততক্ষণে স্কুল কর্তৃপক্ষ বুঝতে পারে যে, স্কুলের এসির আউটডোর ইউনিটে আগুন ধরেছে। যদিও আগুন ছড়িয়ে পড়েনি বা বড় আকার নেয়নি। কেবলমাত্র এসি বন্ধ হয়ে গিয়েছিল। প্রাথমিক পর্যবেক্ষণের পর দমকল কর্তাদের দাবি, আউটডোর ইউনিটে শর্ট সার্কিট হয়েছিল। অগ্নিকাণ্ড বলতে যা বোঝায়, তা হয়নি। তবে স্কুলে কোনও অগ্নিনির্বাপণ ব্যবস্থা না থাকায় এদিন অভিভাবক মহলে ক্ষোভের সুর শোনা গিয়েছে। আবার, ঘটনার জেরে শিশু শিক্ষার্থীদের বাইরে বের করে আনার প্রয়োজন থাকলেও তা করা হয়নি। দমকলের এক কর্তা বলেন, এই রকমের ঘটনায় সব সময় সবাইকে বাইরে বের করে আনতে হয়। স্কুল কর্তৃপক্ষ তা করেনি। সেটা বড় ভুল। আগুন তেমন ছিল না বলে সমস্যা হয়নি, তবে পরিস্থিতি অনুসারে সিদ্ধান্ত ভুল হয়েছে। যদিও স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, সমস্যা টের পাওয়ার পরেই শিক্ষার্থীদের নিরাপদ স্থানে সরানো হয়েছিল। অভিভাবকরা তখন ছিলেন না। তাই পড়ুয়াদের বাইরে বের করা যায়নি। তবে অগ্নিনির্বাপণ ব্যবস্থা না থাকা নিয়ে যুক্তিগ্রাহ্য জবাব কর্তৃপক্ষ দিতে পারেনি। স্থানীয় ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার তাপস মুখোপাধ্যায় বলেন, স্কুলের বয়স তিন বছর পেরিয়ে গিয়েছে। অথচ অগ্নিনির্বাপণ ব্যবস্থা করা হয়নি। এটা অন্যায়। -নিজস্ব চিত্র



