নাগোয়া (জাপান): এশিয়ান গেমসে পুরুষদের ক্রিকেটে সোমবার বৃষ্টিতে ভেস্তে গেল ভারত-আফগানিস্তান ম্যাচ। নিয়ম অনুযায়ী, র্যাংকিংয়ে উপরের দিকে থাকা দল পরের রাউন্ডে পৌঁছায়। সেই মতো শ্রেয়স আয়াররা সেমি-ফাইনালের টিকিট নিশ্চিত করলেন। উল্লেখ্য, আইসিসি’র টি-২০ র্যাংকিংয়ে ভারতের স্থান এখন এক নম্বরে। সেখানে দশ নম্বরে রয়েছে আফগানিস্তান।
আগামী বৃহস্পতিবার সেমি-ফাইনালে মাঠে নামবে ভারত। প্রতিপক্ষ ঠিক হবে শ্রীলঙ্কা-নেপাল ম্যাচে। ওই ম্যাচেও প্রকৃতি বাদ সাধলে ভারতের প্রতিপক্ষ হবে দ্বীপরাষ্ট্র। ইতিমধ্যে পাকিস্তান র্যাংকিংয়ের বিচারে শেষ চারের টিকিট পাকা করেছে। বৃষ্টিতে হংকংয়ের বিরুদ্ধে তাদের শেষ আটের ম্যাচ ভেস্তে যায়। উল্লেখ্য, জাপানের মাটিতে পা রাখার পর থেকেই ভারতীয় দলকে তাড়া করছে বৃষ্টি। জাপানের বিরুদ্ধে বন্ধুত্বপূর্ণ ম্যাচ বৃষ্টির কারণে অনিশ্চিত ছিল। শেষ পর্যন্ত খেলা হয়েছিল ৫ ওভার করে। ২ রানে জিতে হাঁফ ছেড়েছিলেন শ্রেয়সরা। আফগানিস্তান ম্যাচে বল না গড়ানোয় রবি বিষ্ণোই হতাশ। তিনি বলেছেন, ‘আশা করব, সেমি-ফাইনালে আমরা খেলার সুযোগ পাব।’