নাগোয়া: এশিয়ান গেমসের চলতি আসরে ১০ হাজার মিটার দৌড়ে রুপো জিতেছিলেন আগেই। সোমবার পুরুষদের ১৫০০ মিটারেও দ্বিতীয় স্থান অর্জন করলেন গুলবীর সিং। সময় নেন ৩:৩৭.৭২ সেকেন্ড। উত্তরপ্রদেশের ২৮ বছর বয়সি দূরপাল্লার দৌড়বিদ জোড়া রুপোর পর রীতিমতো উচ্ছ্বসিত। তিনি বলেন, ‘আমার কেরিয়ারের স্মরণীয় অধ্যায়। প্রধানত ৫০০০ ও ১০০০০ মিটার দৌড়ে নামি। তাই ১৫০০ মিটার দৌড়ের শেষপর্বে গতি বাড়াতে পারিনি।’
পুরুষদের লং জাম্পে মুরলী শ্রীশঙ্করের রুপোও একই রকম তাৎপর্যের। কারণ চোটের কারণে শেষ দু’বার জাম্পই দেননি তিনি। অবশ্য তার আগেই দ্বিতীয় প্রচেষ্টায় ৮.০৭ মিটার লাফিয়ে রুপো নিশ্চিত করেন শ্রীশঙ্কর। প্রতিযোগিতার নবম দিনে মোট চারটি রুপো এসেছে ভারতের ঘরে। তার মধ্যে ট্র্যাক অ্যান্ড ফিল্ডেই তিনটি। গুলবীর, শ্রীশঙ্কর ছাড়া পুরুষদের জ্যাভেলিনে রুপো জেতেন যশবীর সিং। ৮৫.৭২ মিটার ছোড়েন তিনি। ৮৪.৩৫ মিটার ছুড়ে ব্রোঞ্জ পান ভারতেরই রোহিত যাদব। এই ইভেন্টে সোনা জেতেন শ্রীলঙ্কার রুমেশ পাথিরাগে (৮৮.৫৫ মিটার)। মহিলাদের ২৫ মিটার ব্যক্তিগত পিস্তলে এষা সিংও জিতেছেন রুপো। ২১ বছর বয়সিকে তার জন্য পাঁচটি শ্যুট অফে অংশ নিতে হয়।
পাশাপাশি এদিন চারটি ব্রোঞ্জও যোগ হয় ভারতের ঝুলিতে। তারমধ্যে মহিলাদের কুরাশে ৭৮ কেজি বিভাগে পিকি বালহারার জেতেন পদক। ২০১৮ সালে এই আসরেই রুপো পেয়েছিলেন তিনি। বাকি তিনটি ব্রোঞ্জই আসে অ্যাথলেটিকসে। মহিলাদের ৪০০ মিটার হার্ডলসে ভিথ্যা রামরাজের ব্রোঞ্জ আবার রীতিমতো কৃতিত্বের। কিংবদন্তি পিটি ঊষার চার দশকের পুরনো জাতীয় রেকর্ড ভেঙে পদক জেতেন তিনি। ১৯৮৪ সালের লস এঞ্জেলস ওলিম্পিকসে ঊষা নিয়েছিলেন ৫৫.৪২ সেকেন্ড। রামরাজের লাগল ৫৪.৭৫ সেকেন্ড। মহিলাদের ৫০০০ মিটারে গতবারের সোনাজয়ী পারুল চৌধুরী এবার থেমে যান ব্রোঞ্জে। তিনি সময় নেন ১৫:১৪.১৬ সেকেন্ড। বক্সিংয়ে অন্তত তিনটি পদক নিশ্চিত। ওলিম্পিকসে ব্রোঞ্জজয়ী লাভলিনা বড়গোঁহাই (৭৫ কেজি), প্রিয়া ঘানঘাস (৬০ কেজি) ও কপিল পোখারিয়া (৯০ কেজি) সেমি-ফাইনালে উঠেছেন। চলতি এশিয়াডে ভারতের পদকসংখ্যা এখন ৪৫। এরমধ্যে সোনা ৪টি, রুপো ২০টি, ব্রোঞ্জ ২১টি। এদিকে, রবিবার মহিলাদের লং জাম্পে চতুর্থ স্থানে শেষ করেছিলেন ভারতের শৈলী সিং। তবে তাঁর দূরত্ব মাপার ক্ষেত্রে আয়োজকদের ভুল হয়েছে, এই দাবিতে সর্বোচ্চ ক্রীড়া আদালতের দ্বারস্থ হচ্ছে ভারতের অ্যাথলেটিক্স সংস্থা।