নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সবুজে মোড়া চারদিক। বাইরে বিশাল লেক। অদূরেই আইফেল টাওয়ারের রেপ্লিকা। শরতের হাওয়ায় পুজো পুজো গন্ধ। এরইমধ্যে রাজারহাটের হোটেলে চেক-ইন করল ভারতীয় ফুটবল দল। সোমবার দুপুরে মনবীর-সাহালদের চোখেমুখে আত্মবিশ্বাসের ছাপ। বেঙ্গালুরুতে পানামার বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্সই তার কারণ। এবার মিশন ব্রাজিল। মঙ্গলবার শুরু হবে প্রস্তুতি। মানসিকভাবে তৈরি প্রত্যেকে।
এদিন টিম বাস হোটেলের লনে এসে দাঁড়াতেই বেজে উঠল শাঁখ। উষ্ণ অভ্যর্থনায় গা ভিজিয়ে একে একে ভিতরে ঢুকলেন রায়ান উইলিয়ামস, মনবীর সিং, জয় গুপ্তারা। এডমুন্ড বাস থেকে নামতেই শোনা গেল ‘জয় ইস্ট বেঙ্গল’ স্লোগান। মিজো উইঙ্গার মুচকি হেসে বুড়ো আঙুল তুলে বললেন, ‘ইন্ডিয়া, ইন্ডিয়া’। যা দেখে মনে পড়ে গেল শাহরুখ খানের ‘চক দে ইন্ডিয়া’ ছবির কথা। মোহন বাগান, ইস্ট বেঙ্গল, বেঙ্গালুরু এফসি কিংবা পাঞ্জাব এফসি ক্লাবের লড়াই এখন সিন্দুকে বন্ধ। লক্ষ্য একটাই, ব্রাজিলের বিরুদ্ধে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই মেলে ধরা।
আগামী শনিবার যুবভারতীতে আনসেলোত্তি-ব্রিগেডের মুখোমুখি খালিদের ব্লু টাইগার্স। পরের ম্যাচে প্রতিপক্ষ উরুগুয়ে। মঙ্গলবার রাজারহাটেরই সেন্টার অব এক্সেলেন্সে ফুটবলারদের ভুলত্রুটি শুধরে দেবেন কোচ। পানামার বিরুদ্ধে দুরন্ত ফুটবল রাতারাতি বদলে দিয়েছে ফুটবলারদের বডি ল্যাঙ্গুয়েজ। নেপথ্যে মুম্বইকর খালিদ। হোটেলে পৌঁছে টিম বাস থেকে সবার শেষে নামলেন তিনি।
এদিকে, সোমবার কিশোর ভারতী স্টেডিয়ামে প্রস্তুতি শুরু করল ভারতীয় মহিলা ফুটবল দল। ৮ ও ১১ অক্টোবর সেখানেই রাশিয়ার বিরুদ্ধে প্রীতি ম্যাচ খেলবে দেশের প্রমীলা বাহিনী। অনুশীলন শেষে রঞ্জনা চানু বলেন, ‘কলকাতায় খেলা সব সময়ই বাড়তি মোটিভেশনের কাজ করে। দল ছন্দে আছে। আশা করছি, আমরা ভালো ফুটবল উপহার দিতে পারব।’