ওসলো: জাতীয় দলে এবার কি তাঁর প্রয়োজন ফুরিয়ে আসছে? রবিবার রাতের পর তা হয়তো আরও ভালো করে উপলদ্ধি করতে পারলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। দীর্ঘ কেরিয়ার একাধিক নজির গড়েছেন পর্তুগিজ মহতারকা। তবে শেষ বয়সে এতটা হতাশ তাঁকে কখনও দেখায়নি। দীর্ঘ ১৮ বছর পর এই প্রথম কোনো প্রতিযোগিতামূলক ম্যাচে গোটা সময়টাই বেঞ্চে বসে কাটাতে হল সিআরসেভেনকে। নেশনস লিগে অ্যাওয়ে ম্যাচে নরওয়ের বিরুদ্ধে রোনাল্ডোকে ছাড়াই দল সাজিয়েছিলেন কোচ জর্জ হেসাস। ম্যাচে ২-১ ব্যবধানে জিতল পর্তুগাল। স্কোরশিটে নাম তোলেন হোয়াও ফেলিক্স ও গনসালো র্যামোস। নরওয়ের একমাত্র গোলটি আর্লিং হালান্ডের। এই জয়ের সুবাদে দু’ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ ডি’তে শীর্ষস্থান ধরে রাখল পর্তুগিজরা। তবে এই ম্যাচের জয়ের থেকেও পর্তুগাল শিবিরে চর্চায় থাকল রোনাল্ডোর বেঞ্চে বসে থাকা।



