Bartaman Logo
২৯ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / খেলা

নর্থ ইস্ট কাঁটা ওপড়াতে তৈরি মোহন বাগান

গোলে বিশাল কাইথ। শ্যুটিং প্র্যাকটিসের সময় প্রায় ৩০ গজ দূরে বল বসালেন লি আরউইন। স্কট স্ট্রাইকারের বাঁ পায়ের গোলা জালে আছড়ে পড়তেই পানোসের চোখ চকচকে।

নর্থ ইস্ট কাঁটা ওপড়াতে তৈরি মোহন বাগান
  • ২৯ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গোলে বিশাল কাইথ। শ্যুটিং প্র্যাকটিসের সময় প্রায় ৩০ গজ দূরে বল বসালেন লি আরউইন। স্কট স্ট্রাইকারের বাঁ পায়ের গোলা জালে আছড়ে পড়তেই পানোসের চোখ চকচকে। মোহন বাগান অনুশীলনে দীর্ঘদেহী আরউইনই চর্চার কেন্দ্রে। মঙ্গলবার ঘরের মাঠে আইএফএ শিল্ডের ম্যাচে নর্থ ইস্টের বিরুদ্ধে স্কট ফুটবলারের শুরু করার সম্ভাবনা প্রবল। তাঁর হেডিং ভালো। বাঁ পায়ে জোরালো শট রয়েছে। বড়ো শরীর দিয়ে বিপক্ষ ডিফেন্ডারকে কভার করতে পারেন। পাওয়ারহাউস আরউইন ক্লিক করলে আপফ্রন্টে কামান পেয়ে যাবেন পানোস। মোহন বাগান মাঠে আলেদাইন আজারেই বনাম আরউইন ডুয়েলের দিকে নজর রাখতেই হবে। তবে সামান্য কিন্তু রয়েছে। নর্থ ইস্ট ইতিমধ্যেই সেমি-ফাইনালে নিশ্চিত। তাই সেরা অস্ত্র আলেদাইনকে খেলানো নিয়ে দ্বিধায় কোচ পেড্রো বেনালি।

Advertisement

সপ্তাহের প্রথমদিন গঙ্গার জোয়ারে হাবুডুবু ময়দান। তবে বেলা বাড়তেই জল সরে যায়। নির্বিঘ্নেই নর্থ ইস্ট বধের মহড়া চালালেন মোহন বাগান কোচ। প্রথম এগারো নিয়ে ধোঁয়াশা রাখলেন পানোস। বসনিয়ার জেলকোভিচ আগের চেয়ে অনেকটাই ফিট। আলেদাইন খেললে জেলকোভিচের কাঁধে বাড়তি দায়িত্ব থাকছে। মাঝমাঠে জোড়া ব্লকার হিসাবে অভিষেক সূর্যবংশী ও দীপক টাংরি খেলতে পারেন। ব্রাজিলিয়ান মিগুয়েলকে উইথড্রন ফরোয়ার্ডের ভূমিকায় ব্যবহার করতে চান পানোস। ক্রমাগত শাফল করে বিপক্ষকে ধাঁধায় ফেলবেন তিনি। লালরিলজুয়ালা ছাংতেও তৈরি। শ্রীনিধি ডেকানের বিরুদ্ধে হ্যাটট্রিক করেছিলেন মিজো ফুটবলার। মিগুয়েলের সঙ্গে চমৎকার কম্বিনেশন প্রতিপক্ষের ঘুম কাড়তে পারে। উল্লেখ্য, শ্রীনিধিকে ৬ গোলে হারিয়ে আইএফএ শিল্ড অভিযান শুরু করেছিল সবুজ-মেরুন ব্রিগেড। নর্থ ইস্ট কাঁটা উপড়ে ফেলতে মরিয়া টিম ম্যানেজমেন্ট। তবে চড়চড়ে রোদ ও আর্দ্রতায় একনাগাড়ে প্রেসিং ফুটবল খেলা সমস্যার।
প্রতিপক্ষ নর্থ ইস্ট ইউনাইটেড কতটা শক্তিশালী? গতবারের স্কোয়াডে বদল এসেছে অনেকটাই। স্পেনের ৩ ফুটবলার ছাড়াও সার্বিয়ার নিকোলা বড়ো ভরসা। হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে জিতিন এমএস অনিশ্চিত। নিখিল বারলা, আমন সিকে, আবদুল রবির দৌড়ে ভরসা রাখছেন বেনালি। আসলে কয়েকদিন আগেই ডুরান্ড কাপে টাই-ব্রেকার তাদের হারিয়েছিল মোহন বাগান। আসন্ন আইএসএলেও পানোস ব্রিগেডের প্রথম প্রতিপক্ষ সেই আলেদাইনরাই। তার আগে শিল্ডে বশ মানাতে পারলে মানসিকভাবে এগিয়ে থাকবে সবুজ-মেরুন ব্রিগেড।
 মোহন বাগান মাঠে ম্যাচ শুরু দুপুর ২-৩০ মিনিটে। সম্প্রচার ফ্যান কোড অ্যাপে।

Advertisement
সম্পর্কিত সংবাদ