Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

এক জায়গায় টেন্ডারের কাজ অন্য জায়গায় করার চেষ্টা পঞ্চায়েতের

এক জায়গায় টেন্ডারের কাজ অন্য জায়গায় করার চেষ্টা পঞ্চায়েতের
  • ৩ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, রঘুনাথপুর: পাড়া ব্লকের বহড়া গ্রাম পঞ্চায়েত এক জায়গার কাজ অন্য জায়গায় করতে চাইছে বলে অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে পঞ্চায়েত এলাকার কংগ্রেস নেতৃত্ব থেকে শুরু করে গ্রামবাসীরা লিখিত অভিযোগ জানিয়েছেন। তাঁদের তরফ থেকে জানানো হয়েছে, পঞ্চায়েতের টেন্ডারে যে জায়গার নাম রয়েছে, সেখানেই কাজ করতে হবে। ওই কাজ অন্য জায়গায় করা হলে বৃহত্তর আন্দোলন হবে। 

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বর্তমানে পঞ্চম অর্থ কমিশনে বহড়া গ্রাম পঞ্চায়েত পাটপুর সংসদে একটি ঢালাই রাস্তার জন্য অর্থ অনুমোদন করে। কাজটির জন্য প্রায় ২ লক্ষ ৬৯ হাজার টাকা অনুমোদন করা হয়েছে। সেই টাকায় প্রায় ২৫০ ফুট ঢালাই রাস্তার কাজ হবে। অভিযোগ টেন্ডারে পাটপুর এলাকার ৫২ নম্বর মৌজায় কাজ হওয়ার কথা রয়েছে। কিন্তু পঞ্চায়েতের তরফ থেকে কাজটি পাশের উদয়পুর-জয়নগর গ্রাম পঞ্চায়েত এলাকার মালঞ্চডি গ্রামের মৌজা নম্বর ৫৩ তে করার পরিকল্পনা নেওয়া হয়েছে। ইতিমধ্যে ঢালাইয়ের জন্য মালঞ্চডি গ্রামে মাটি খোঁড়ার কাজ পর্যন্ত হয়ে গিয়েছে। তখনই বিষয়টি গ্রামবাসীদের নজরে আসে। আর তাতেই তাঁরা আপত্তি জানিয়েছেন। বহড়া গ্রাম পঞ্চায়েত এলাকার কংগ্রেস সভাপতি আকাশ মাহাত বলেন, কয়েক মাস আগে ঢালাইয়ের জন্য টেন্ডার করা হয়েছিল। তখনও পাটপুর গ্রামের জন্য অর্থ অনুমোদন করা হয়। কিন্তু গ্রাম পঞ্চায়েত মালঞ্চডি গ্রামে কাজ করতে চেয়েছিল। আপত্তি করায় কাজটি বাতিল করা হয়। পুনরায় দেখা যাচ্ছে, পাটপুর গ্রামে কাজের নাম থাকলেও মালঞ্চডিতে কাজটি করার জন্য পঞ্চায়েত তৎপর হয়েছে। গ্রামে এখনও ৬০ শতাংশ রাস্তা পাকা হওয়ার কাজ বাকি, অথচ সেই কাজ না করে কিছু জনের স্বার্থের জন্য পাশের পঞ্চায়েত এলাকায় কাজ করার জন্য চেষ্টা করা হচ্ছে। তাই আমাদের তরফে লিখিত অভিযোগ জানানো হয়েছে। 
গ্রামবাসীদের তরফে তন্ময় মাহাত, স্বপন মাহাত বলেন, আমরা কাজের বিরুদ্ধে নয়। আমরা চাই, আমাদের গ্রামে কাজ হোক। কিন্তু আমাদের পঞ্চায়েত এলাকার কাজ অন্য গ্রাম পঞ্চায়েতে কেন হবে? তাই আমরা আপত্তি তুলেছি। বিষয়টি নিয়ে পঞ্চায়েত প্রধান তিথি মাহাতকে ফোন করা হয়। তাঁর স্বামী ‘বাইরে আছি, বিষয়টি নিয়ে পরে কথা বলব’ জানিয়ে ফোন কেটে দেন। পাড়া ব্লকের তৃণমূল সভাপতি উমাপদ বাউরি বলেন, পাটপুর এবং মালঞ্চডি দু’টি গ্রাম একই সঙ্গেই রয়েছে। তবে দু’টি গ্রাম, দু’টি পঞ্চায়েতের মধ্যে রয়েছে। আপত্তি যখন উঠেছে, তখন চাইব যে জায়গার জন্য টেন্ডার করা হয়েছে, কাজটি যেন সেখানেই করা হয়।

Advertisement
সম্পর্কিত সংবাদ