সংবাদদাতা, উলুবেড়িয়া: প্লাস্টিকমুক্ত উদয়নারায়ণপুর বিধানসভা গড়তে ইতিমধ্যে বিধানসভার অন্তর্গত একাধিক গ্রাম পঞ্চায়েতে চালু হয়েছে কঠিন বর্জ্য নিষ্কাশন ব্যবস্থাপনা প্রকল্প। এছাড়াও কুরচী গ্রাম পঞ্চায়েতে চালু হয়েছে প্লাস্টিক ব্যবস্থাপনা প্রকল্প। এবার বাড়ি থেকে নোংরা আবর্জনা সংগ্রহ করার লক্ষ্যে উদয়নারায়ণপুর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে বিধিচন্দ্রপুর, সোনাতলা ও সিংটি গ্রাম পঞ্চায়েতকে সাত লক্ষ টাকা দামের একটি করে ই-গাড়ি দেওয়া হল। এদিন তিনটি গ্রাম পঞ্চায়েতের কর্তাদের হাতে গাড়িগুলি তুলে দেন উদয়নারায়ণপুরের বিধায়ক সমীর পাঁজা। পঞ্চায়েত সমিতি সূত্রে খবর, বাড়ি থেকে বর্জ্য সংগ্রহ করার জন্য ইতিমধ্যে ৫টি গ্রাম পঞ্চায়তকে একটি করে ই-গাড়ি দেওয়া হয়েছে। এবার আরও ৩টি গ্রাম পঞ্চায়েতকে একটি করে ই-গাড়ি দেওয়া হল। উদয়নারায়ণপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কল্যাণ গায়েন জানান, বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে বর্জ্য নিষ্কাশন ব্যবস্থাপনা কেন্দ্র গড়ে তোলার পাশাপাশি কুরচী গ্রাম পঞ্চায়েতে প্লাস্টিক ব্যবস্থাপনা প্রকল্প তৈরি করা হয়েছে। এখানে উদয়নারায়ণপুর ব্লক ছাড়াও জগৎবল্লভপুর ব্লকের প্লাস্টিকের বর্জ্য এখানে প্রক্রিয়াকরণ করা হবে। উদয়নারায়ণপুর বিধানসভাকে নির্মল করে তুলতে প্রতিটি গ্রাম পঞ্চায়েতের প্রতিটি বাড়ি থেকে মাসে ৩০ টাকা করে নেওয়া হবে। ইতিমধ্যে কুরচী ও সিংটি গ্রাম পঞ্চায়েতে এই টাকা নেওয়া শুরু হয়েছে। আগামী একমাসের মধ্যে বাকি গ্রাম পঞ্চায়েতে এই টাকা নেওয়া শুরু হবে বলে জানান কল্যাণ গায়েন।



