সংবাদদাতা, জঙ্গিপুর: শনিবার আন্তর্জাতিক নারী দিবসে বিভিন্ন ক্ষেত্রের দশজন বিশিষ্ট নারীকে সংবর্ধিত করল সাগরদিঘি পঞ্চায়েত সমিতি। এদিন সাগরদিঘি ব্লক কমিউনিটি হলে একটি অনুষ্ঠান হয়। সেখানে সাগরদিঘির বিডিও সঞ্জয় শিকদার, পঞ্চায়েত সমিতির সভাপতি মসিউর রহমান সহ অন্যরা উপস্থিত ছিলেন।
পঞ্চায়েত সমিতি জানিয়েছে, ব্লকের বিভিন্ন ক্ষেত্রে পারদর্শিতা ও সুনামের সঙ্গে যে সমস্ত নারী কাজ করছেন, তাঁদের সম্মান জানাতে ও কাজে উৎসাহ দিতে পুরস্কৃত করা হয়।
বিডিও বলেন, রাজ্য সরকারের উদ্যোগে প্রতিটি জেলা ও ব্লকে নারী দিবস পালিত হচ্ছে। নারীদের যতবেশি সশক্তিকরণ হবে, তাঁদের বিকশিত হওয়ার সুযোগ দেওয়া হবে-আমরা ততই উন্নত হব। মসিউর রহমান বলেন, নারী হচ্ছে মায়ের রূপ। নারী এগিয়ে গেলে সমাজও এগিয়ে যাবে। তাই এদিন আমরা শিক্ষা, স্বাস্থ্য, পুলিস, ছাত্রী থেকে শুরু করে রত্নগর্ভা মাকেও পুরস্কৃত করেছি। আগামী দিনেও যে নারীরা ব্লকের নাম উজ্জ্বল করবেন, তাঁদের সংবর্ধিত করা হবে। মনিগ্রাম হাসপাতালের চিকিৎসক সালমা সুলতানা বলেন, সংবর্ধিত হয়ে ভালো লাগছে। নারীদের সম্মান প্রদর্শন ও কাজে উৎসাহ দিতে এমন অনুষ্ঠান আরও হওয়া উচিত। কমিউনিটি স্বাস্থ্যকর্মী হামিদা পারভিন বলেন, সংবর্ধিত হয়ে ভালো লাগছে। আমি চাইব, প্রতিটি নারী শিক্ষিত হোক। সসম্মানে জীবনযাপন করুন। পরিবারে লিঙ্গবৈষম্য দূর করে কন্যাসন্তানকেও সমান যত্ন করা হোক।