নিজস্ব প্রতিনিধি, হাওড়া: আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নামে কাটমানি আদায়। আমফানের ত্রাণ সহ বিভিন্ন সরকারি প্রকল্পের টাকা হাতিয়ে নেওয়া। তোলাবাজি, হুমকি এবং নয়ানজুলির উপর বেআইনি নির্মাণে মদত। এরকম একাধিক অভিযোগ উঠেছে জগৎবল্লভপুরের বড়গাছিয়া-২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান শবনম সুলতানার স্বামী নুরহাসান মল্লিক ওরফে সানির বিরুদ্ধে। তিনি ওই এলাকায় তৃণমূলের প্রভাবশালী নেতা। মঙ্গলবার রাতে জগৎবল্লভপুর থানা তাঁকে গ্রেপ্তার করে। বুধবার ধৃতকে হাওড়া আদালতে তোলা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নামে দীর্ঘদিন ধরে একাধিক ব্যক্তির থেকে টাকা আদায় করতেন সানি। অভিযোগ, পঞ্চয়েত প্রধান স্ত্রীর প্রভাব খাটিয়ে নয়ানজুলির উপর বেআইনি নির্মাণের অনুমতি দেওয়ার ক্ষেত্রে টাকার বিনিময়ে প্রভাব খাটাতেন। পাশাপাশি আমফানের ত্রাণ সহ একাধিক সরকারি প্রকল্পের টাকা হাতিয়ে নিতেন বলে অভিযোগ। এর পাশাপাশি স্থানীয় একটি স্কুলের প্রধান শিক্ষককে মারধরের অভিযোগেও তাঁর বিরুদ্ধে মামলা চলছে। তবে রাজনৈতিক প্রভাবের জেরে এতদিন পুলিশ ব্যবস্থা নেয়নি। পুলিশ জানিয়েছে, একাধিক অভিযোগের তদন্ত শুরু হয়েছে। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে আর্থিক অনিয়ম, তোলাবাজি ও অন্যান্য অভিযোগের সঙ্গে তাঁর যোগসূত্র খতিয়ে দেখা হচ্ছে।



