Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

পঞ্চকোট কলেজের পরিচালন কমিটির সভাপতির নাম ঘোষণা

পঞ্চকোট কলেজের পরিচালন  কমিটির সভাপতির নাম ঘোষণা
  • ৭ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, রঘুনাথপুর: নিতুড়িয়া ব্লকের পঞ্চকোট কলেজের পরিচালন কমিটির সভাপতি কে হবেন, তাই নিয়ে দীর্ঘদিন ধরে জোর জল্পনা চলছিল। প্রায় ছয় মাস ধরে সভাপতির পদ ঘিরে বিভিন্ন অভিযোগ সামনে এসেছিল। সেই সঙ্গে টালবাহানা চলছিল। ফলে এতদিন কলেজের সার্বিক উন্নয়ন থমকে গিয়েছিল। সম্প্রীতি কলেজের নতুন পরিচালন কমিটি গঠিত হয়েছে। সভাপতি হিসেবে নিতুড়িয়া ব্লক তৃণমূল সভাপতি অমরচন্দ্র মাজীকে দায়িত্ব দেওয়া হয়েছে। সদস্য হিসেবে সাঁতুড়ি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি রামপ্রসাদ চক্রবর্তী এবং নিতুড়িয়া ব্লকের বাসিন্দা পার্থপ্রতিম গুরুকে রাখা হয়েছে। নতুন কমিটি গঠন হওয়ায় কলেজ কর্তৃপক্ষ খুশি। অন্যদিকে দায়িত্ব পাওয়ার পর নতুন কমিটির সভাপতি ও সদস্যরা কলেজকে এগিয়ে নিয়ে যাওয়া শপথ গ্রহণ করেছেন।

Advertisement

দীর্ঘদিন ধরে পঞ্চকোট কলেজকে ঘিরে নানা সমস্যা সামনে এসেছে। কখনও বহিরাগতরা ঢুকে কলেজে তাণ্ডব চালিয়েছে। কলেজের কর্মীকে মারধর করা হয়েছে। আবার কিছু নেতার মনের মতো কাজ না করায় কখনও কলেজের অধ্যক্ষ থেকে অধ্যাপকদের দেখে নেওয়ার হুমকি দেওয়া হয়েছে। শুধু তাই নয়, পরিচালন কমিটির সভাপতি কে হবেন, তাই নিয়েও দড়ি টানাটানি শুরু হয়। কলেজের পরিচালন কমিটির সভাপতি  হিসাবে উচ্চশিক্ষা দপ্তর থেকে একাধিক নামের তালিকা আসে। কোন তালিকা সঠিক, তাই নিয়ে কলেজ কর্তৃপক্ষ সমস্যায় পড়ে। তাই কলেজে তরফ থেকে সঠিক তালিকা চেয়ে পাঠানো হয়।
পরিচালন কমিটির সভাপতি না থাকায় ছয় মাস ধরে কোন চেক সই হয়নি। ফলে কলেজের সার্বিক উন্নয়ন থমকে গিয়েছিল।অস্থায়ী কর্মীদের বেতন হচ্ছিল না। বৈদ্যুতিক বিলের লক্ষাধিক টাকা বাকি পড়ে আছে। যার ফলে অ্যাকাউন্টে টাকা থাকলেও তোলা যাচ্ছিল না। এবার সব সমস্যার সমাধান হয়ে যাবে।
কলেজের অধ্যক্ষ সপ্তর্ষি চক্রবর্তী বলেন, সরকারের নির্দেশিকা মেনে কলেজের পরিচালন কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিকে নিয়ে শীঘ্রই বৈঠক করা হবে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ জরুরি ভিত্তিতে শেষ করা হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ