Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

হলদিয়ায় সারা বাংলা ছদ্মবেশ প্রতিযোগিতাকে ঘিরে উন্মাদনা

হলদিয়ার বাড়বাসুদেবপুর সাহুবাজারে সানরাইজ ক্লাবের গণপতি উৎসবে সারা বাংলা ছদ্মবেশ প্রতিযোগিতা ঘিরে ব্যাপক উন্মাদনা তৈরি হয়েছে।

হলদিয়ায় সারা বাংলা ছদ্মবেশ প্রতিযোগিতাকে ঘিরে উন্মাদনা
  • ২০ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, হলদিয়া: হলদিয়ার বাড়বাসুদেবপুর সাহুবাজারে সানরাইজ ক্লাবের গণপতি উৎসবে সারা বাংলা ছদ্মবেশ প্রতিযোগিতা ঘিরে ব্যাপক উন্মাদনা তৈরি হয়েছে। ব্রজলালচক চৈতন্যপুর সড়কের পাশে সাহুবাজারে শনিবার বিকেলে ওই ছদ্মবেশ প্রতিযোগিতা দেখতে উপচে পড়ে ভিড়। সানরাইজ ক্লাবের আয়োজনে ৩৪তম বর্ষে গণপতি আরাধনা ও বাৎসরিক মিলন উৎসবের চমক এই ছদ্মবেশ প্রতিযোগিতা। ২৫০ জন প্রতিযোগী অংশ নিয়েছিলেন। ইতিহাস, পুরাণ, সামাজিক প্রেক্ষাপট ও বিজ্ঞান সহ নানা বিষয়ে তাঁরা যেমন খুশি তেমন সাজেন। সেই অনুযায়ী নানা থিমও গড়ে তোলা হয়। তারমধ্যে থেকে নানা বার্তাও তুলে ধরা হয়। প্রথম পুরস্কার দেওয়া হয়েছে ফ্রিজ, দ্বিতীয় পুরস্কার স্টিলের আলমারি এবং তৃতীয় পুরস্কার স্মার্টফোন। চতুর্থ ও পঞ্চম স্থানাধিকারীকে যথাক্রমে মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশান কুকার দেওয়া হয়েছে। পরের পাঁচজনকে দেওয়া হয়েছে ডিনার সেট। এরপর আরও ৩০ জনকে প্রেসার কুকার, ফ্রাইং প্যান, বেড কভার, হটপট পুরস্কার দিয়েছেন উদ্যোক্তারা। বাকি দু’শতাধিক প্রতিযোগীকে জলের বোতল উপহার দেওয়া হয়েছে। সবমিলিয়ে ছদ্মবেশ প্রতিযোগিতায় পুরস্কারের ছড়াছড়ি। বাংলা নববর্ষের শুরুতে ১৪-১৯ এপ্রিল পর্যন্ত ৬ দিন ধরে সানরাইজ ক্লাবের গণপতি উৎসব ঘিরে বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। পুজো কমিটির যুগ্ম সম্পাদক পার্থসারথি হাজরা ও অমিত সাউ বলেন, গত ১৬ এপ্রিল দুপুরে কয়েক হাজার মানুষকে অন্নভোগ খাওয়ানো হয়েছে। এবছর পুজোর বাজেট চার লক্ষ টাকা। পুজো উপলক্ষ্যে রক্তদান শিবির, দিদি নম্বর-১ সহ বিভিন্ন আকর্ষণীয় প্রতিযোগিতায় স্থানীয়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। সাহুবাজারের গণেশ পুজো দেখতে আসেন আশপাশের ৮-১০টি গ্রামের মানুষ। সভাপতি সঞ্জীব সামন্ত এবং কোষাধ্যক্ষ মারুক দীন বলেন, গত তিন বছর ধরে সারা বাংলা ছদ্মবেশ প্রতিযোগিতা হচ্ছে। উত্তর ২৪ পরগনা, নদীয়া, হাওড়া, মেদিনীপুর, বাঁকুড়া থেকে প্রতিযোগিতারা আসেন। এবার তিনটি বিশাল মাঠে ছদ্মবেশ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলে প্রতিযোগিতা। বিভিন্ন মডেলের সঙ্গে সেলফি তুলতে ভিড় লেগে যায়। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ