Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

টানা ১০ দিন এলওসি-তে গুলিবৃষ্টি পাক সেনার, কড়া জবাব ভারতীয় বাহিনীরও

টানা ১০ দিন এলওসি-তে গুলিবৃষ্টি পাক সেনার, কড়া জবাব ভারতীয় বাহিনীরও
  • ৪ মে, ২০২৫ ১৬:০৫
Prefer us on Google

শ্রীনগর, ৪ মে: পহেলগাঁওয়ে নৃশংস হামলার পর থেকেই ভারত ও পাকিস্তানের সম্পর্কের তলানিতে এসে ঠেকেছে। কূটনৈতিক স্তরে দুই দেশের তরফে ইতিমধ্যেই একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। কিন্তু এর পাশাপাশি সীমান্তেও উস্কানিমূলক কাজ করে চলছে পাকিস্তান। পহেলগাঁও ঘটনার পর থেকে সীমান্তে বিনা প্ররোচনায় গুলি চালাচ্ছে পাক সেনা। শনিবার নিয়ে টানা ১০ দিন সীমান্তে বিনা প্ররোচনায় গুলি চালাল পাকিস্তান। শনিবার মধ্যরাতে কোনও কারণ ছাড়াই এলওসি-তে গুলিবৃষ্টি শুরু করে পাক বাহিনী। যদিও ছোট অস্ত্রের সাহায্যেই এই হামলা চালানো হয়েছে। 

Advertisement

ভারতীয় সেনা সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা, বারামুল্লা, পুঞ্চ, রাজৌরি, মেন্ধার, নওশেরা, সুন্দরবানি সেক্টরে গুলি চালিয়েছে পাকিস্তান। গত কয়েকদিনের মধ্যে এই প্রথম এতগুলি সেক্টরে একসঙ্গে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করল পাকিস্তানি সেনা। তবে পাকিস্তানের এই উস্কানিতে কড়া জবাব দিয়েছে ভারতও। ছোট অস্ত্র দিয়ে পাল্টা গুলিবৃষ্টি করেছে ভারতীয় সেনাও। তবে এই গুলি বিনিময়ে উভয়পক্ষের তরফে কোনও ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

উল্লেখ্য বিষয় হল, ভারত ও পাকিস্তান ২০২১ সালের ২৫ ফেব্রুয়ারি যুদ্ধবিরতি চুক্তির মেয়াদ বৃদ্ধির ঘোষণা করেছিল। এরপর থেকে নিয়ন্ত্রণ রেখা এবং আন্তর্জাতিক সীমান্তে গুলিবর্ষণের ঘটনা উল্লেখযোগ্যভাবে কমেও আসে। কিন্তু পহেলগাঁও হামলার পরই ফের উস্কানিমূলক কাজ শুরু করেছে পাকিস্তান। গতকাল, রাজস্থানে ভারতীয় এলাকা থেকে পাকড়াও করা হয়েছে এক পাক রেঞ্জার্সকেও।

Advertisement
সম্পর্কিত সংবাদ