Bartaman Logo
২৫ জুলাই, ২০২৬

সীমান্তে মরিয়া গোলাগুলি চালাচ্ছে পাকিস্তানি সেনা, মৃত পুঞ্চের বাসিন্দা

চারদিক থেকে চাপে, তার মধ্যেই জম্মু ও কাশ্মীরে নিরীহ ভারতীয়দের উপর মরিয়া আক্রমণ চালাচ্ছে পাকিস্তান।

সীমান্তে মরিয়া গোলাগুলি চালাচ্ছে পাকিস্তানি সেনা, মৃত পুঞ্চের বাসিন্দা
  • ১০ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

জম্মু: চারদিক থেকে চাপে, তার মধ্যেই জম্মু ও কাশ্মীরে নিরীহ ভারতীয়দের উপর মরিয়া আক্রমণ চালাচ্ছে পাকিস্তান। শুক্রবার ভোর থেকে জম্মু, পুঞ্চ, রাজৌরিতে নিয়ন্ত্রণরেখা ও আন্তর্জাতিক সীমান্ত বরাবর গোলাগুলি চালাতে শুরু করে পাক সেনা। পাল্টা গুলি চালিয়ে জবাব দেয় ভারতীয় সেনাও। এদিনের পাক হামলায় এখনও পর্যন্ত একজন সাধারণ মানুষের মৃত্যুর খবর মিলেছে। এদিন পুঞ্চ, রাজৌরি ও জম্মুতে একাধিকবার জোরালো বিস্ফোরণের শব্দ শোনা যায়। সঙ্গে সঙ্গে পুঞ্চ ও রাজৌরিতে ব্ল্যাকআউট ঘোঘণা করা হয়। বেজে ওঠে সাইরেন। ভোরবেলার বিভিন্ন ভিডিওতে দেখা গিয়েছে, জম্মু এলাকায় ড্রোন সহ আকাশপথে বিভিন্ন ভাবে পাকিস্তান আক্রমণ চালিয়েছিল। কিন্তু এয়ার ডিফেন্স সিস্টেম সেগুলি ধ্বংস করে দিয়েছে। 

Advertisement

প্রশাসন জানিয়েছে,লোরান ও মেন্ধার সেক্টরে গোলার আঘাতে এক ব্যক্তির মৃত্যু হয়। মৃতের নাম মহম্মদ আবরার। তিনি লোরানের বাসিন্দা। তাঁর স্ত্রী সহ আরও তিনজন জখম হয়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। গোলাগুলিতে বহু বাড়ি ও গাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে। সেনার তরফে বলা হয়েছে, পাকিস্তানি সেনার হামলা ঠেকাতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বৃহস্পতিবার রাতেও ড্রোন ও মিসাইলের সাহায্যে ভারতীয় সেনাঘাঁটিগুলিকে টার্গেট করেছিল পাক সেনা। সেই হামলাও আকাশেই ঠেকিয়ে দেয় ভারত। সাধারণ মানুষের প্রাণ বাঁচাতে একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে। সমস্ত স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় আপাতত বন্ধ থাকছে। সীমান্তবর্তী গ্রামগুলি থেকে বাসিন্দাদের সরিয়ে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। তবে এই পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এদিকে, পাকিস্তান যদি সংযত না হয়, তাহলে নিজেদেরই ক্ষতি করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। জম্মুতে ‘এরিয়াল স্ট্রাইক’-কে বাংলাদেশ যুদ্ধের পর প্রথম সবচেয়ে গুরুতর আক্রমণ বলে অভিহিত করেছেন তিনি। ওমরের বক্তব্য, উত্তেজনা কমাতে এখনই ইসলামাবাদের উদ্যোগী হওয়া উচিত। ভারতীয় সেনারা যেভাবে পাক হামলার জবাব দিয়েছে ও সমস্ত ড্রোনকে আকাশেই ধ্বংস করে দিয়েছে, তার প্রশংসা করেছেন ওমর। 

Advertisement
সম্পর্কিত সংবাদ