নয়াদিল্লি: বাপ কা বেটা, সিপাহি কা ঘোড়া। কুছ নেহি তো থোড়া থোড়া— বাবা বীরেন্দ্র সেওয়াগের দেখানো পথেই হাঁটছেন আর্যবীর। সদ্যসমাপ্ত অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জয়ে বড়ো ভূমিকা রেখেছেন এই তরুণ ডানহাতি ওপেনার। ৫ ম্যাচে ৩৬১ রানের সুবাদে প্রতিযোগিতার সেরাও তিনি। ট্রফি জয়ের পর বাবার সঙ্গে তাঁর ভিডিয়ো কলের মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। বীরুই তা পোস্ট করেছেন। আবেগঘন সেই আলাপচারিতায় আর্যবীর জানান, ম্যাচের মাঝে পাকিস্তানের সমর্থকরা সেওয়াগ-সেওয়াগ চিৎকার করছিলেন।
আর্যবীরের কথায়, ‘ব্যাটিংয়ের সময় আমার চোট লেগেছিল। ফিজিও দু’তিন বার মাঠে দৌড়ে আসেন। তখন দেখি দুই-আড়াই হাজার পাকিস্তানের সমর্থক ‘সেওয়াগ, সেওয়াগ’ চিৎকার করছেন। তাঁরা আমায় সাপোর্ট করছিলেন। চাইছিলেন, আমি যেন ব্যাটিং চালিয়ে যাই। সেটা দেখে খুব ভালো লাগছিল।’ ছেলের কথায় সিনিয়র সেওয়াগের মুখেও হাজার ওয়াটের হাসি খেলে যায়। আসলে বীরুর অন্যতম পছন্দের প্রতিপক্ষ ছিল পাকিস্তান। চিরপ্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে জাতীয় দলের হয়ে অনেক স্মরণীয় ইনিংস উপহার দিয়েছেন তিনি। ২০০৪ সালে পাকিস্তানের বিরুদ্ধে মুলতান টেস্টে ভারতের প্রথম ব্যাটার হিসাবে ত্রিশতরান (৩০৯) হাঁকিয়েছিলেন। সেই সুবাদে অনুরাগীরা সেওয়াগের নাম দিয়েছিলেন ‘মুলতানের সুলতান’। আর এখন বাবার দেখানো পথেই হাঁটছেন ছেলে। শনিবার অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ওপেন করতে নেমে ঝকঝকে অর্ধশতরান উপহার দেন আর্যবীর (৫৮)। তবে ইনিংসের মাঝে উইকেট খুইয়ে চাপে পড়ে গিয়েছিল দল। শেষ দিকে রুদ্ধশ্বাস থ্রিলারে ভারতকে জয় এনে দেন মোহিত উলভা। বীরুকে ভিডিও কলে আর্যবীর বলছিলেন, ‘শেষ ওভারে টেনশন খুব বেড়ে গিয়েছিল। আমি তো সীতা-রাম, সীতা-রাম জপ করছিলাম। সবাই প্রার্থনা করছিল, যেভাবেই হোক একটা বাউন্ডারি যেন আসে। আর সেটা হয়েছে।’ ছেলের কথা শুনে গর্বিত বাবা হাসি চেপে রাখতে পারেননি। বীরু পুরো দলকে তাঁর অভিনন্দন বার্তা পৌঁছে দিতে বলেন।



