Bartaman Logo
১০ জুন, ২০২৬

ধাক্কা সামলাতে বহু বছর লাগবে পাকিস্তানের, বিএসএফের প্রশংসায় পঞ্চমুখ অমিত শাহ

ধাক্কা সামলাতে বহু বছর লাগবে পাকিস্তানের, বিএসএফের প্রশংসায় পঞ্চমুখ অমিত শাহ
  • ৩১ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

পুঞ্চ: সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) যে ধাক্কা দিয়েছে, তা সামলাতে চার-পাঁচ বছর সময় লাগবে পাকিস্তানের। শুক্রবার পুঞ্চে এভাবেই বিএসএফের ভূমিকার ভূয়সী প্রশংসা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সাধুবাদ জানালেন তাঁদের অভিযানকে। 

Advertisement

‘অপারেশন সিন্দুর’ শুরুর পর প্রথমবার জম্মু ও কাশ্মীর সফরে গিয়েছেন শাহ। দু’দিনের জম্মু সফর শেষে তিনি বলেন, ‘তিনদিনের অভিযানে ১১৮টির বেশি শত্রুঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে।’ তাঁর হুঙ্কার, ‘যারা ভারতের ক্ষতি করতে চাইবে, তারাই উপযুক্ত জবাব পাবে।’ সন্ত্রাসবাদের কারণে জম্মু ও কাশ্মীরের উন্নয়ন যে থেমে থাকবে না, তা আরও একবার মনে করিয়ে দিয়েছেন অমিত শাহ। তিনি বলেন, ‘হামলার পর উন্নয়ন হয়তো ক্ষণিকের জন্য থমকে গিয়েছে। তবে তা আবার গতি পাবে। আমরা জম্মু ও কাশ্মীরের উন্নয়নকে অগ্রাধিকার দেব।’ 
এদিন পুঞ্চে নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখেন তিনি। পর্যালোচনা করেন অমরনাথ যাত্রার প্রস্তুতিও। সীমান্তবর্তী এলাকায় পাকিস্তানের গোলাবর্ষণে ক্ষতিগ্রস্তদের পরিবারের সঙ্গে দেখা করে শাহ বলেন, ‘সন্ত্রাসবিরোধী অভিযান করেছিলাম আমরা। পাল্টা নিরীহ মানুষের উপর হামলা করেছে পাকিস্তান। তার জবাবে বিএসএফ জওয়ানরা শত্রুর গোটা নজরদারি ব্যবস্থাকে ধ্বংস করেছে। এটা বিরাট সাফল্য। এর ফলে যুদ্ধ চালিয়ে যেতে পারবে না পাকিস্তান।’ সংঘর্ষ বিরতির সময়ও যে বিএসএফ সদাসতর্ক, তাও উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর কথায়, ‘সংঘর্ষ বিরতির সময়ও সতর্ক নিরাপত্তা বাহিনী। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি সুনির্দিষ্ট প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। সময় এলে তা সফলভাবে কার্যকর করা হবে।’ দেশপ্রেম ও আত্মত্যাগের ধ্বনিও শোনা গিয়েছে তাঁর গলায়। বলেন, ‘হৃদয়ে দেশপ্রেম ও চরম আত্মত্যাগের আবেগ থাকলেই এমন সাফল্য পাওয়া সম্ভব।’ 
পুঞ্চের আবহাওয়া যে প্রতিকূল, তা জানা সত্ত্বেও সড়কপথে সফর করার সিদ্ধান্ত নিয়েছিলেন শাহ। তাঁর কথায়, ‘সীমান্তে মোতায়েন জওয়ানদের সঙ্গে দেখা করার জন্য আমি বদ্ধপরিকর। আমি ঠিক করেছিলাম, দেখা না করে ফিরব না। তাই আবহাওয়া প্রতিকূল জেনেও সড়কপথে এসেছি। তবে আবহাওয়া তেমন কোনও খামখেয়ালিপনা দেখায়নি।’

Advertisement
সম্পর্কিত সংবাদ