দোহা: রাইজিং স্টার এশিয়া কাপে রবিবারও নায়ক হওয়ার মঞ্চ তৈরি ছিল বৈভব সূর্যবংশীর জন্য। ঝোড়ো ব্যাটিংয়ে এদিনও তার ব্যাট থেকে এসেছিল ২৮ বলে ৪৫ রান। কিন্তু ফিল্ডিংয়ে সাদাকতের সহজ ক্যাচ পড়ল বৈভবের হাত থেকে। আর প্রতিপক্ষের সেই ওপেনার ৮ উইকেটে হারিয়ে দিলেন ভারতীয় এ দলকে। অপরাজিত ৭৯ রানের ইনিংসে পাকিস্তান শাহিনসকে জেতালেন সাদাকত। প্রথমে ব্যাট করে ১৯ ওভারে ১৩৬ রান তোলে ভারতীয় দল। জবাবে ৪০ বল বাকি থাকতেই জয় নিশ্চিত করেন ইরফান খানরা (১৩৭ রান)। তবে দোহাতেও ‘হ্যান্ডশেক’ বিতর্ক জারি থাকল।
সম্প্রতি বড়দের এশিয়া কাপে ‘হ্যান্ডশেক’ বিতর্কে সরগরম ছিল ভারত-পাক ম্যাচ। খেলা শুরু বা শেষে পাকিস্তানের সলমন আগাদের সঙ্গে হাত মেলাতে অস্বীকার করেছিলেন সূর্যকুমাররা। এদিন রাইজিং স্টার এশিয়া কাপেও সেই ধারা বজায় রাখলেন জিতেশ শর্মারা। টস বা জাতীয় সঙ্গীতের পর পাক প্লেয়ারদের রীতিমতো এড়িয়ে গেলেন তাঁরা। ইনিংসের শুরুতে রীতিমতো বিধ্বংসী দেখাচ্ছিল ভারতীয় ব্যাটারদের। ওপেনিং জুটিতে ওঠে ৩০ রান। প্রিয়াংশ ব্যক্তিগত ১০ রানে আউট হলেও সূর্যবংশীকে ভয়ঙ্কর দেখাচ্ছিল। তিনে নামা নমন ধীরও ঝড় তুলেছিলেন। ২০ বলে ৩৫ রান করেন তিনি। তবে এই দুই ব্যাটার আউট হতেই ভারতের ব্যাটিংয়ে ধস নামে। ১৯ ওভারে ১৩৬ রানে থামে তারা।
জবাবে শুরু থেকেই ব্যাট হাতে দাপট দেখান সাদাকত। ১৪ রানে নইম ও ১১ রানে ইয়াশির আউট হলেও ভারতীয় বোলারদের একাই শাসন করলেন বাঁ-হাতি পাক ওপেনার। তবে বৈভবের মিস ছাড়াও বাউন্ডারি লাইনে ধরা সাদাকতের একটি ক্যাচ নিয়ে বিতর্ক তৈরি হয়। শেষ পর্যন্ত টিভি আম্পায়ারের সিদ্ধান্তে ছক্কা হয় সেটি।