Bartaman Logo
১০ জুন, ২০২৬

গুলি চালাচ্ছে পাকিস্তান, নিয়ন্ত্রণ রেখায় জোর তল্লাশি বিএসএফের

গুলি চালাচ্ছে পাকিস্তান, নিয়ন্ত্রণ  রেখায় জোর তল্লাশি বিএসএফের
  • ১ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

ফিরদৌস হাসান, শ্রীনগর: পহেলগাঁওতে জঙ্গি হামলার প্রত্যাঘাতের প্রস্তুতি শুরু করেছে ভারত। এই অবস্থায় সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে ভারতীয় সীমান্ত লক্ষ্য করে গুলি চালাচ্ছে পাকিস্তান। উত্তাল এই সীমান্ত পরিস্থিতির মধ্যে নিয়ন্ত্রণ রেখা বরাবর জোরদার করা হল নিরাপত্তা। জায়গায় জায়গায় গাড়ি দাঁড় করিয়ে তল্লাশি শুরু করেছে জম্মু-কাশ্মীর পুলিস ও বিএসএফ। দেহ তল্লাশিও বাদ যাচ্ছে না। বারামুলা-উরি হাইওয়েতে বহু চেক পয়েন্ট তৈরি করা হয়েছে। বিএসফের এক আধিকারিক জানিয়েছেন, ‘কুপওয়ারা ও বারামুলার সেক্টর বরাবর সোমবার থেকে গুলি চালাতে শুরু করেছে পাক রেঞ্জার্সরা।’ এই অবস্থায় সাধারণ মানুষের একটাই প্রার্থনা, পরিস্থিতি যেন আরও খারাপ না হয়। উরির এক বাসিন্দার কথায়, ‘সবকিছু দ্রুত স্বাভাবিক হোক।’

Advertisement

বৈসরণে জঙ্গি হামলা জম্মু ও কাশ্মীরের পর্যটনের উপর বড়সড় বিরূপ প্রভাব ফেলেছে। এই অবস্থায় আবার যাতে পর্যটনে জোয়ার আসে তার তোড়জোড় শুরু হয়েছে। পর্যটন স্থলগুলির নিরাপত্তা খতিয়ে দেখতে শুরু করেছেন সেনা ও পুলিস আধিকারিকরা। বুধবার ডোডা-কিস্তওয়ার-রামবন রেঞ্জের ডিজিপি শ্রীধর পাতিল পাটনিটপ এবং নাথতপ এলাকার নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখেন। উধমপুর এবং রামবনের এই এলাকাগুলিতে সারা বছরই পর্যটকরা ভিড় করেন। ডিজিপির সঙ্গে ছিলেন পাটনিটপ ডেভেলপমেন্ট অথরিটির কর্তাব্যক্তিরা। এরপর তিনি স্থানীয় হোটেল মালিক এবং পর্যটনের সঙ্গে যুক্তদের সঙ্গে মতামত বিনিময় করেন। এছাড়াও সাধারণ মানুষ ও প্রাক্তন সরপঞ্চদের তিনি কথা বলেন। সকলকে আশ্বস্ত করতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তাও তুলে ধরেন ডিজিপি শ্রীধর।

Advertisement
সম্পর্কিত সংবাদ