ইসলামাবাদ: বিপর্যস্ত হয়েও সুর নরম হয়নি। এখনও জারি জয়ের ভুয়ো প্রচার। আর সুযোগ পেলেই ভারতকে বিপাকে ফেলার চেষ্টা। বৃহস্পতিবার ভারতের সঙ্গে বৈঠকে বসার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের বিদেশমন্ত্রী ইশক দার। কিন্তু সিন্ধু জল চুক্তি নিয়ে ফের হুমকি দিয়েছেন তিনি। তাঁর কথায়, ভারত যদি সিন্ধু সমস্যা না মেটায় তাহলে তার বড়সড় প্রভাব পড়বে। পাকিস্তানের জল বন্ধ করলে তা কিন্তু যুদ্ধের পদক্ষেপ হিসেবেই গণ্য করা হবে। এদিন বিদেশমন্ত্রী বলেন, ভারতের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি হলেও একটি যথাযথ রাজনৈতিক আলোচনার প্রয়োজন রয়েছে। এখনও একাধিক বিতর্কিত ইস্যু রয়েছে। সেগুলি সমাধান করতেই উচ্চপর্যায়ের এই বৈঠক দরকার। এরপরই সিন্ধু জল চুক্তির প্রসঙ্গ টেনে তাঁর বার্তা, সিন্ধু সমস্যা নিয়ে ভারত যদি সমঝোতায় না আসে, তাহলে তা যুদ্ধ হিসেবেই দেখা হবে। ইতিমধ্যেই একের পর এক ভুয়ো দাবি করে নিজেদের মুখ পুড়িয়েছে পাক প্রশাসন। এবার তাদের মিথ্যা দাবিকে সামনে আনল পাকিস্তানি সংবাদমাধ্যমই। পাকিস্তান বায়ুসেনার প্রশংসা করে একটি আন্তর্জাতিক সংবাদপত্রের প্রথম পাতার শিরোনামের ছবি তুলে ধরেন বিদেশমন্ত্রী ইশক দার। সেখানে লেখা ছিল, আকাশের অপ্রতিরোধ্য শক্তি পাকিস্তানি বায়ুসেনা। কিন্তু পাক সংবাদপত্রের ফ্যাক্ট চেকিং টিম এই শিরোনামকে ভুয়ো হিসেবে ব্যাখ্যা করেছে।



