ইসলামাবাদ: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। সোশ্যাল মিডিয়ার ভাইরাল ছবি দেখে যিনি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে দাবি করে বসেছিলেন, অপারেশন সিন্দুর চলাকালীন ভারতের পাঁচ যুদ্ধ বিমানকে নামিয়েছে পাকিস্তান। তবে সঞ্চালক যখন প্রমাণ দেখাতে বলেন, তখন তিনি সটান জানিয়ে দেন, সেই প্রমাণ ভারতীয় সোশ্যাল মিডিয়ায় রয়েছে। এবার সেই মন্ত্রী মুখেই আরও এক মন্তব্য। এবার তাঁর দাবি, ভারতের ড্রোনকে তাঁরা আটকানোর চেষ্টা করেননি। তার কারণ, তাহলে তাঁদের এয়ার ডিফেন্স সিস্টেম বা অস্ত্রভাণ্ডার কোথায় রয়েছে, তা ভারতীয় সেনা জেনে ফেলত। শুক্রবার দেশের পার্লামেন্টে দাঁড়িয়ে ভারত-পাক দ্বৈরথ নিয়ে ঠিক এমনই সাফাই দিলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী। সেই ভিডিও ভাইরাল হতে ফের আরও একবার শুরু হয়ে গিয়েছে নানা ধরনের তির্যক মন্তব্য।



