জয়পুর: পহেলগাঁওতে জঙ্গি হামলার ঘটনায় ভারত-পাক সম্পর্কে উত্তেজনা তুঙ্গে। এরইমধ্যে রাজস্থানে ভারত-পাকিস্তান সীমান্তের কাছে এক পাক রেঞ্জারকে আটক করল ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। শনিবার ওই পাক রেঞ্জারকে হেফাজতে নিয়েছে বিএসএফের রাজস্থান ফ্রন্টিয়ার। সূত্রের খবর, ওই রেঞ্জার পাকিস্তানি প্যারা মিলিটারিতে কর্মরত। ভারতে ঢোকার চেষ্টার সময় তাঁকে হাতেনাতে ধরে ফেলেন জওয়ানরা। উল্লেখ্য, সপ্তাহদুয়েক আগে ‘বেআইনিভাবে’ সীমান্ত পেরনোর অভিযোগে রিষড়ার বাসিন্দা বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউকে বন্দি করে পাক রেঞ্জার্স। এখনও তাঁকে ছাড়েনি পাকিস্তান। এবার রাজস্থানে সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে পড়ায় ওই পাক রেঞ্জারকে আটক করা হল।



