মুম্বই: মুম্বই এটিএসের হাতে ধরা পড়লেন এক পাক গুপ্তচর। থানের বাসিন্দা রবীন্দ্র মুরলীধর ভার্মা পেশায় জুনিয়র মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। জানা গিয়েছে, হানিট্র্যাপের শিকার হয়ে ভারতীয় নৌসেনার স্পর্শকাতর বিভিন্ন নথি তিনি পাক ইন্টেলিজেন্স সংস্থার কাছে সরবরাহ করেছেন। তদন্তকারী সংস্থা আরও জানিয়েছে, নৌবাহিনীর বিভিন্ন জাহাজ রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে ক্রাসনি ডিফেন্স টেকনোলজিস লিমিটেড। মুরলীধর সেই সংস্থারই কর্মী। অনুমান, সেই সূত্রেই নৌবাহিনীর বিভিন্ন স্পর্শকাতর তথ্য তাঁর হাতে এসেছিল। মুম্বইয়ের বন্দর এলাকাতেও প্রবেশের অনুমতিপত্র ছিল রবীন্দ্রর। এটিএস সূত্রে খবর, দুই পাক এজেন্ট প্রথমে মুরলীধরকে হানিট্র্যাপে ফেলে। তার পরেই বিষয়টি ফাঁস করে দেওয়ার হুমকি দেওয়া হয়। সেই চাপের মুখেই তথ্য পাচার শুরু করেন তিনি। গত বছরের নভেম্বর থেকে এই তথ্যপাচার চলছে বলে খবর।



