নয়াদিল্লি: পহেলগাঁও জঙ্গি হামলার দু’মাস পর বড়সড় সাফল্য পেল জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। জঙ্গিদের সাহায্য করার অভিযোগ দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের নাম পারভেজ আহমেদ জোঠর আর বশির আহমেদ জোঠর। পারভেজের বাড়ি পহেলগাঁওয়ের বাটকোটে। অন্যদিকে, বশির হিল পার্কের বাসিন্দা। জানা গিয়েছে, জঙ্গিদের খাবার ও আশ্রয় দেওয়ার পাশাপাশি যাতায়াতের ব্যবস্থাও করে দিয়েছিল ধৃতরা। জেরায় জঙ্গিদের পরিচয় জানিয়েছে বশির ও পারভেজ। তারা জানিয়েছে, হামলাকারী তিনজনই পাকিস্তানের নাগরিক। জঙ্গি সংগঠন লস্কর-ই-তোইবার সদস্য। তদন্তে জানা গিয়েছে, হামলার আগে জঙ্গিদের হিল পার্কের একটি কুঁড়েঘরে (ধোক) রেখেছিল বশির ও পারভেজ। দু’জনকেই বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনের ১৯ নম্বর ধারায় গ্রেপ্তার করেছে এনআইএ। তদন্ত জারি রয়েছে।



