সংবাদদাতা, ডোমকল: গত কয়েক দশকে দফায় দফায় পদ্মার ভাঙনে তলিয়ে গিয়েছে রানিনগরের রাজাপুর গ্রাম পঞ্চায়েতের একাংশ। পরে বাঁধ তৈরি হওয়ায় পাঁচ বছর ধরে নদী ভাঙন বন্ধ ছিল রাজাপুরের রাজানগর এলাকায়। তবে চলতি বছরে কয়েক মাস আগেই রাজানগর এলাকায় শাখা পদ্মার ভাঙনে নদীগর্ভে চলে গিয়েছে ওই এলাকার বেশ কয়েক বিঘা জমি। এখনও বিপজ্জনক অবস্থায় রয়েছে সংলগ্ন কৃষিজমি। বর্তমানে নদীর জল কমেছে। তাই সুখা মরসুমে দ্রুত ভাঙন প্রতিরোধের কাজ শুরুর দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। রানিনগরের রাজাপুর গ্রাম পঞ্চায়েতের রাজানগর, মুন্সিপাড়া এলাকাসহ একসময় পদ্মার ভাঙনে তলিয়ে গিয়েছিল একাধিক এলাকার অনেকাংশ। নদীগর্ভে চলে যায় চর মুন্সিপাড়া হাইস্কুলও। পরে অন্য জায়গায় স্কুল তৈরি হলেও নদীর ভাঙন ক্রমশ এগিয়ে এসে নতুন স্কুলের দোরগোড়ায় পৌঁছে গিয়েছিল। ভিটেমাটি ও কৃষিজমি হারিয়েছিলেন শতাধিক বাসিন্দা। পরে ভাঙন প্রতিরোধে বাঁধ তৈরি ও নদীপাড় বাঁধানোর কাজ হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। গত পাঁচ বছরের বেশি সময় ধরে ওই এলাকায় নতুন করে ভাঙনের মুখে পড়তে হয়নি বাসিন্দাদের। তবে স্থানীয়দের দাবি, কয়েক মাস আগে রাজানগরে শাখা পদ্মার বাঁকের কাছে নতুন করে ভাঙন শুরু হয়। তাতে পাঁচ বিঘেরও বেশি কৃষিজমি নদীগর্ভে চলে গিয়েছে। বর্তমানে নদীর জল কমায় ভাঙন আপাতত বন্ধ থাকলেও বিপদ কাটেনি। নদীপাড়ের বিভিন্ন জায়গায় মাটি ঝুলে রয়েছে। ফলে ফের ভাঙন শুরু হলে আশপাশের কৃষিজমিও নদীগর্ভে চলে যাওয়ার আশঙ্কা করছেন তাঁরা। তাই নদীর জল কম থাকতেই ওই এলাকায় ভাঙন প্রতিরোধের ব্যবস্থা করার দাবি উঠেছে। স্থানীয় বাসিন্দা উমেশচন্দ্র মণ্ডল বলেন, আমরা তিন ভাই মিলে পাঁচ বিঘেরও বেশি জমি ইতিমধ্যেই নদীগর্ভে হারিয়েছি। এখনও দেড় বিঘে জমি কোনোরকমে টিকে রয়েছে। কিন্তু তাতে চাষ করার মতো পরিস্থিতি নেই। আশপাশের এলাকা ঠিকমতো বাঁধানো না হলে আগের মতোই ফের ভাঙন শুরু হতে পারে। তাতে আরও অনেকের জমি নদীগর্ভে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। জলঙ্গির বিধায়ক বাবর আলি বলেন, ওই জায়গার পাশাপাশি জলঙ্গির ঘোষপাড়ার চরেও একইভাবে ভাঙন হয়েছে। গঙ্গা অ্যান্টি ইরোশন দপ্তরের সঙ্গে কথা বলব। যাতে ওই এলাকায় ভাঙন প্রতিরোধের ব্যবস্থা করা যায়, তার চেষ্টা করা হবে।



