নিজস্ব প্রতিনিধি, তমলুক: শ্লীলতাহানির মামলায় পরোয়ানা জারি হতেই গাঢাকা দিয়েছিলেন বিজেপির বুথ সভাপতির বাবা। ছেলের আশীর্বাদ অনুষ্ঠান উপলক্ষ্যে বাড়ি আসার খবর সোর্স মারফত পাওয়ার পর ওই প্রৌঢ়কে গ্রেপ্তার করল পুলিস। ধৃতের নাম গৌরাঙ্গ দিণ্ডা। বাড়ি চণ্ডীপুর থানার বরোজ গ্রামে। রবিবার রাতে বরোজে তিনমাথার মোড় এলাকা থেকে চণ্ডীপুর থানার ওসি দীপক অধিকারীর নেতৃত্বে পুলিসের একটি টিম তাঁকে গ্রেপ্তার করে। পুলিসের হাত থেকে তাঁকে ছিনিয়ে নেওয়ার চেষ্টাও হয়। যদিও সেই বাধা সরিয়ে ওই বিজেপি কর্মীকে থানায় আনে পুলিস।
জানা গিয়েছে, ২০১১সালে এক মহিলাকে শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টার অভিযোগে পুলিস অভিযুক্তকে গ্রেপ্তার করেছিল। হাইকোর্টে জামিনের আবেদন করার পর জেল থেকে মুক্ত হন। তারপর নিম্ন আদালতে ওই মামলায় ধারাবাহিকভাবে অনুপস্থিত থেকেছেন বিজেপি কর্মী গৌরাঙ্গ দিণ্ডা। এরফলে মামলায় বিচারপ্রক্রিয়া ব্যাহত হয়। যেকারণে আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। অভিযুক্ত বরোজ গ্রামের বাড়ি ছেড়ে হাওড়ায় আত্মগোপন করেছিলেন। সেখানে একটি দোকানে কাজ করতেন।
এদিকে, পরোয়ানা জারি হওয়ার পরও অভিযুক্তকে গ্রেপ্তার করে হাজির করাতে না পারায় আদালতে সমালোচনার মুখে পড়ে পুলিস। অভিযুক্তকে পাকড়াও করতে না পারায় আগামী ১০জুলাই আদালতে ওসিকে সশরীরে হাজিরার নির্দেশ দিয়েছিল কোর্ট।
সোমবার গৌরাঙ্গর ছোট ছেলের আশীর্বাদ অনুষ্ঠান ছিল। তাঁর বড় ছেলে দীপক দিণ্ডা বিজেপির বরোজ বুথের সভাপতি। ছোট ছেলের আশীর্বাদ উপলক্ষ্যে রবিবার হাওড়া থেকে বাড়ি ফিরেছিলেন গৌরাঙ্গ। গোপন সূত্রে সেই খবর পেয়েছিল চণ্ডীপুর থানার পুলিস। রাত ৮টা নাগাদ পুলিসের গাড়ি সোজা বরোজ গ্রামে পৌঁছে যায়। সেখানেই অভিযুক্তকে পাকড়াও করে পুলিস। তাঁকে গ্রেপ্তারের পর বাধার মুখে পড়ে পুলিস। ধৃতকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা হয়। কিন্তু, পুলিস সেসব বাধা সরিয়ে ওই বিজেপি কর্মীকে গ্রেপ্তার করে।
ধৃতের ছেলে তথা বিজেপির বুথ সভাপতি দীপক বলেন, ২০১১সালে বাবার বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যে একটা মিথ্যা মামলা দায়ের হয়েছিল। সেই মামলায় নথিপত্র আমাদের কাছে সময়মতো আসেনি। যেকারণে মামলার বিষয়ে আমরা অন্ধকারে ছিলাম। নিজেরা সেভাবে খোঁজখবরও রাখিনি। তারপর জানতে পারি, গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। সোমবার ভাইয়ের আশীর্বাদ অনুষ্ঠান ছিল। তার আগের দিন পুলিস এসে বাবাকে গ্রেপ্তার করে নিয়ে গেল।
চণ্ডীপুর থানার ওসি বলেন, ধৃতের বিরুদ্ধে পরোয়ানা জারি হয়েছিল। আমরা রবিবার তাকে গ্রেপ্তার করেছি। ১৪বছর আগে একটি পুরনো মামলায় নিম্ন আদালত থেকে পরোয়ানা জারি হয়েছিল।