Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

পাড়ায় সরকারি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকল দোকানে, সিভিক ভলান্টিয়ার সহ মৃত ২

পাড়ায় সরকারি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকল দোকানে, সিভিক ভলান্টিয়ার সহ মৃত ২
  • ১২ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, রঘুনাথপুর: সোমবার সন্ধ্যায় পাড়া থানার চাপুড়ির কাছে এসবিএসটিসির বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি দোকানে ঢুকে পড়ে। ঘটনায় সিভিক ভলান্টিয়ার সহ দু’জনের মৃত্যু হয়েছে। পুলিস জানিয়েছে, মৃত সিভিকের নাম প্রশান্ত গড়াই(৩৬)। তাঁর বাড়ি পাড়া থানার ভাগাবাঁধ গ্রামে। মৃত আর এক ব্যক্তির পরিচয় জানা যায়নি। তিনি দুধ বিক্রেতা বলে জানা গিয়েছে। বাসে থাকা ১০জন যাত্রী গুরুতর জখম হয়েছেন। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় পুলিস তাঁদের উদ্ধার করে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। এলাকার বাসিন্দারা ওই রাস্তায় যান নিয়ন্ত্রণের দাবি জানিয়েছেন।
Advertisement
জানা গিয়েছে, এদিন পুরুলিয়া-বরাকর রাজ্য সড়ক ধরে রঘুনাথপুর থেকে পুরুলিয়ার দিকে দ্রুতগতিতে যাচ্ছিল এসবিএসটিসির বাসটি। চাপুড়ির দশারডি মোড়ের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি একটি দোকানে ঢুকে পড়ে। সেখানে এক দুধ বিক্রেতা ও ওই সিভিক ভলান্টিয়ার দাঁড়িয়েছিলেন। বাসের নীচে চাপা পড়ে দু’জন মারা যান। দুর্ঘটনার জেরে বন্ধ থাকা দোকানটি ভেঙে গিয়েছে। দুর্ঘটনার পরই স্থানীয় বাসিন্দা, পাড়া থানা ও আনাড়া ফাঁড়ির পুলিস ঘটনাস্থলে আসে। জখমদের উদ্ধারকাজ শুরু হয়। বাসটিকে তুলে দু’জনের দেহ উদ্ধার করা হয়। জখমদের চিকিৎসার জন্য রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
দুর্ঘটনার পরই যান নিয়ন্ত্রণের দাবিতে স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখান। রাজ্য সড়কের উপর দিয়ে অত্যন্ত দ্রুতগতিতে গাড়ি চলাচল করছে বলে অভিযোগ। পুলিস জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। বাসের চালক পলাতক।
সম্পর্কিত সংবাদ