সংবাদদাতা, পতিরাম: নতুন বছরেই শুরু হচ্ছে প্রাথমিকের নতুন শিক্ষাবর্ষ। নতুন শিক্ষাবর্ষে আরও বেশি করে খুদেদের স্কুলমুখী করতে শিক্ষকদের বাড়ি বাড়ি যাওয়ার নির্দেশ দিলেন দক্ষিণ দিনাজপুর জেলা শিক্ষা সংসদের চেয়ারম্যান সন্তোষ হাঁসদা। বর্তমানে প্রাথমিক স্কুলগুলিতে পড়ুয়াদের পরীক্ষা চলছে। পরীক্ষা কেমন চলছে, তার তদারকিও করেন চেয়ারম্যান। পাশাপাশি পতিরামের চারটি প্রাথমিক স্কুলের শিক্ষকদের আগামীতে বাড়ি বাড়ি যাওয়ার নির্দেশ দিয়েছেন। এই নির্দেশ শুধু পতিরামের জন্যই নয়, জেলাজুড়ে প্রাথমিকের সব স্কুলকেই এই নির্দেশ দিয়েছেন চেয়ারম্যান। শনিবার পতিরাম ১, পতিরাম ২, লক্ষ্মীপুর, নিচাবন্দরের প্রাথমিক স্কুলগুলি পরিদর্শন করা হয়। সন্তোষবাবু বলেন, আজ পতিরামের চারটি স্কুল পরিদর্শন করলাম। স্কুলগুলিকে নিজস্ব প্রশ্নপত্র তৈরি করতে বলা হয়েছিল, তা দেখলাম। পরীক্ষা কেমন চলছে সেটাও দেখলাম। তিনি জানান, নতুন শিক্ষাবর্ষে পড়ুয়ার সংখ্যা বাড়াতে শিক্ষকদের বাড়ি বাড়ি যাওয়ার কথা বলেছি। নিজের সুবিধার্থে শিক্ষকরা কয়েকটি দলে ভাগ হয়ে এলাকায় যেতে পারবেন। জেলাজুড়েই সমস্ত শিক্ষকদের এই নির্দেশ দেওয়া হচ্ছে। আগামীতে একটি মিটিং রয়েছে সেখানেও এই নির্দেশ জানিয়ে দেওয়া হবে। সরকারি স্কুলে আরও বেশি করে ছাত্র ভর্তি করতেই এই উদ্যোগ।



