Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

পোড়া মাটির হাটে ১৫ ডিসেম্বর পিঠেপুলি উৎসব

পোড়া মাটির হাটে ১৫ ডিসেম্বর পিঠেপুলি উৎসব
  • ১২ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বিষ্ণুপুর: মকরসংক্রান্তির আগেই আগামী ১৫ডিসেম্বর বিষ্ণুপুরে শুরু হবে পিঠেপুলি উৎসব।  শহরের পোড়ামাটির হাটে বিভিন্ন ধরনের হাতে তৈরি টাটকা পিঠের পসরা সাজাবেন মহিলারা। বিষ্ণুপুর মেলা কমিটির নতুন সংযোজন ওই উৎসবকে কেন্দ্র করে সাধারণ নাগরিক ও পর্যটকমহলে বেশ উৎসাহ তৈরি হয়েছে। শহরের বহু মহিলা উৎসবে পিঠের পসরা সাজানোর জন্য এখন থেকেই প্রস্তুতি নিচ্ছেন। 
বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ বলেন, গ্রামাঞ্চলে পিঠের রমরমা থাকলেও শহরে ক্রমশ তাতে ভাটা পড়েছে। একই ছাতার তলায় হরেক রকমের পিঠের স্বাদ দিতে বিষ্ণুপুরে এবারই প্রথম পিঠেপুলি উৎসবের আয়োজন করা হয়েছে। এখন থেকেই তাতে ভালো সাড়া পাওয়া যাচ্ছে।  
Advertisement
বিষ্ণুপুরের মহকুমা শাসক তথা বিষ্ণুপুর মেলা কমিটির সচিব প্রসেনজিৎ ঘোষ বলেন, বিষ্ণুপুর মেলার এবারের নতুন সংযোজন পিঠেপুলি উৎসব। ১৫ডিসেম্বর পোড়ামাটির হাটে পিঠেপুলি উৎসব হবে। ওইদিনই সাংবাদিক সম্মেলনে বিষ্ণুপুর মেলার আনুষ্ঠানিক নির্ঘণ্ট প্রকাশ করা হবে। 
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতি বছর ২৩ থেকে ২৭ডিসেম্বর পর্যন্ত পাঁচদিন ধরে বিষ্ণুপুর মেলা অনুষ্ঠিত হয়। তবে গত কয়েকবছর ধরে একযোগে সবলা মেলা হওয়ায় ২৭থেকে ২৯তারিখ পর্যন্ত টানা সাতদিন ধরে মেলার আয়োজন করা হচ্ছে। এবার ৩৭তম বর্ষেও একইভাবে মেলা চলবে। শহরের হাইস্কুল এবং কেজি কলেজের মোট তিনটি মাঠে মেলা অনুষ্ঠিত হবে। মেলার মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য চলতি মাসের ১১থেকে ১৩তারিখ পর্যন্ত শিল্পীদের অডিশন নেওয়া হবে। তবে এবার প্রাক মেলার নতুন সংযোজন পিঠেপুলি উৎসব। ১৫ডিসেম্বর বিকেলে পোড়ামাটির হাটে তার আয়োজন করা হয়েছে। চলবে রাত পর্যন্ত। ওইদিন বিষ্ণুপুরের বহু মহিলা হাটেই বিভিন্ন ধরনের টাটকা পিঠে তৈরি করে পসরা সাজাবেন। বিষ্ণুপুরে আসা পর্যটক থেকে শুরু করে সাধারণ নাগরিকরা ক্রয় করে পিঠের স্বাদ নিতে পারবেন। নতুন ওই উৎসবকে কেন্দ্র করে শহরে বেশ সাড়া পড়েছে। ইতিমধ্যে বহু মহিলা পসরা নিয়ে বসার জন্য উৎসব কমিটির কাছে আবেদন জানিয়েছেন। 
শহরের ৩নম্বর ওয়ার্ডে বাসিন্দা মৌসুমি ঘোষ বলেন, পোড়ামাটির হাট চালুর সময় আমরা অন্যান্য শিল্পীদের সঙ্গে হাতে তৈরি পিঠে নিয়ে বসেছিলাম। ভালোই বিক্রি হচ্ছিল। সাংসারিক চাপে পরে আর বসতে পারিনি। তবে এবার স্পেশাল পিঠেপুলি উৎসবে হাটে পিঠে নিয়ে বসব।  
সম্পর্কিত সংবাদ