Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

অ্যাসবেসটস ভেঙে দোকানে চুরি, চাঞ্চল্য

অ্যাসবেসটস ভেঙে দোকানে চুরি, চাঞ্চল্য
  • ২ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, রঘুনাথপুর: বৃহস্পতিবার কালীপুজোর রাতে আদ্রার একটি দোকানের অ্যাসবেসটস ভেঙে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। শুক্রবার সকালে দোকান খোলার পরই চুরির বিষয়টি মালিকের নজরে আসে। নগদ লক্ষাধিক টাকা চুরি গিয়েছে বলে অভিযোগ। পুলিস জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে।
Advertisement
আদ্রা থানার নর্থ সাইডে সব্জি বাজার এলাকায় মহম্মদ খুর্শিদের দোকান রয়েছে। সেখানে হোলসেলে সব্জি সহ বিভিন্ন আনাজ বিক্রি করা হয়। ধারে যারা জিনিস নিয়ে যান, তাঁদের কাছ থেকে দীপাবলির দিন প্রচুর টাকা আদায় হয়েছিল। মহাজনকে দেওয়ার জন্য প্রায় ১ লক্ষ ৮০ হাজার টাকা দোকানেই রাখা ছিল। খুর্শিদ সাহেব বলেন, সকালে দোকানের দরজা খুলে দেখি, ছাদের অ্যাসবেসটস ভাঙা রয়েছে। ক্যাশবাক্সর তালা ভাঙা। মেঝেয় কিছু নোট পড়েছিল। সত্যিই খুব হতবাক হয়ে গিয়েছি। বিষয়টি পুলিসকে জানানো হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কয়েক মাস ধরে অ্যাসবেসটস ভেঙে বিভিন্ন বাজার এলাকায় চুরির ঘটনা ঘটছে। রঘুনাথপুর, নিতুড়িয়া থানা এলাকার বেশ কয়েকটি দোকানে অ্যাসবেসটস ভেঙে চুরি হয়েছে। পুলিস দুষ্কৃতীদের ধরতে পারছে না। পুলিসের প্রাথমিক অনুমান, ঘটনার সঙ্গে একটি বড় চক্র জড়িত রয়েছে। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিস।
সম্পর্কিত সংবাদ