সংবাদদাতা, শীতলকুচি: প্রায় তিন বছর আগে শীতলকুচি ব্লকের পূর্ব শীতলকুচি গ্রামে খুটামারা নদীর উপর লৌহসেতু নির্মাণ হয়েছে। কিন্তু, বেহাল রাস্তার কারণে এই সেতু দিয়ে যাতায়াত প্রায় বন্ধ। বাসিন্দাদের অভিযোগ, সেতুর অ্যাপ্রোচ রাস্তা বেহাল। সেজন্য টোটো, ছোট চারচাকা গাড়ি এই সেতু দিয়ে যাতায়াত করতে পারে না। রাস্তায় বড় গর্ত হয়ে থাকায় ঝুঁকি নিয়েই বাইক নিয়ে যাতায়াত করেন বাসিন্দারা। বহুবার রাস্তা সংস্কারের বিষয়টি জনপ্রতিনিধিদের জানানো হয়েছে। কিন্তু পদক্ষেপ হয়নি।
Advertisement
প্রায় তিনবছর আগে শীতলকুচি পঞ্চায়েতের অর্থে লৌহসেতুটি নির্মাণ হয়েছিল। দেওয়ানকোর্ট জয়দুয়ার, গোঁসাইরহাট পঞ্চায়েতের ৫ নম্বর ওয়ার্ড সহ বিভিন্ন গ্রামের বাসিন্দারা এই সেতু পেরিয়ে যাতায়াত করেন। বেহাল রাস্তার কারণে ঘুরপথে যাতায়াত করতে হয় বাসিন্দাদের। স্থানীয় বাসিন্দা দেবাশিস বর্মন, সুনীল বর্মন বলেন, এই রাস্তাটি দিয়ে কয়েকটি গ্রামের মানুষ যাতায়াত করেন। চাষিরা তাঁদের উৎপাদিত পণ্য বিক্রি করতে নিয়ে যাওয়ার পাশাপাশি স্কুল ও কলেজ পড়ুয়ারাও যাতায়াত করে। বেহাল রাস্তার কারণে টোটো এই রাস্তা দিয়ে যাতায়াত করতে পারে না। তাই, বাধ্য হয়ে ঘুরপথে যাতায়াত করতে হয়। দ্রুত রাস্তাটি সংস্কারের দাবি জানিয়েছেন তাঁরা।
শীতলকুচি গ্রাম পঞ্চায়েত প্রধান পাপড়ি বর্মন বলেন, বাসিন্দারা এ ব্যাপারে আমাকে জানিয়েছেন। রাস্তা সংস্কারের বিষয়টি আমি পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদে জানিয়েছি। শীতলকুচি পঞ্চায়েত সমিতি সভাপতি মদন বর্মন বলেন, বিষয়টি নজরে রয়েছে। রাস্তা সংস্কারে দ্রুত উদ্যোগ নেওয়া হবে।