সংবাদদাতা, কাঁথি: মোবাইলে আসা লিঙ্কে ক্লিক করার পর ওটিপি দিয়ে দেওয়ায় ৬৭হাজার ৫০০টাকা খুইয়েছিলেন এক প্রাথমিক শিক্ষিকা। সেই টাকা উদ্ধার করে তাঁর হাতে তুলে দিল ভূপতিনগর থানার পুলিস। সোমবার রাতে থানায় ওই টাকার চেক ভূপতিনগরের মুগবেড়িয়ার দক্ষিণ বায়েন্দা গ্রামের বাসিন্দা স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা যূথি কুইলা গায়েনের হাতে তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন কাঁথি মহকুমা পুলিস আধিকারিক দিবাকর দাস, ওসি মহম্মদ মহিউদ্দিন।
Advertisement
পুলিস সূত্রে জানা গিয়েছে, গত ৪অক্টোবর যুথিদেবীর হোয়াটসঅ্যাপে একটি লিঙ্ক আসে। তিনি সেই লিঙ্কটি খুললে তাঁকে একটি ওটিপি চাওয়া হয়। তিনি তা দিয়ে দেন। তারপরই যূথিদেবীর অ্যাকাউন্ট থেকে ৬৭হাজার ৫০০টাকা লোপাট হয়েছে। মাথায় হাত পড়ে যায় ওই শিক্ষিকার। প্রতারিত যূথিদেবী ভূপতিনগর থানায় অভিযোগ দায়ের করেন। পুলিস অভিযোগ নিয়ে সাইবার ক্রাইমের পোর্টালে অভিযোগ নথিভুক্ত করে। সংশ্লিষ্ট ব্যাঙ্কের কাছে এই সংক্রান্ত তথ্য পাঠানো হয়। ব্যাঙ্ক কর্তৃপক্ষ অ্যাকাউন্টটি ফ্রিজ করে দেয়। সাইবার বিভাগের হস্তক্ষেপে ব্যাঙ্ক ওই টাকা উদ্ধার করে।



