Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

অযোগ্য উপভোক্তার টাকা ফিরিয়ে নেওয়ারই সিদ্ধান্ত

অযোগ্য উপভোক্তার টাকা ফিরিয়ে নেওয়ারই সিদ্ধান্ত
  • ৯ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: পাকাবাড়ি থাকার পরও মেমারি-১ ব্লকের এক উপভোক্তার নাম বাংলার বাড়ি প্রকল্পের তালিকায় রয়েছে। অ্যাকাউন্টে টাকা যাওয়ার পর জেলা প্রশাসনের কাছে এমন অভিযোগ আসে। জেলাশাসক আয়েশা রানি এ বিষয়টি ফের যাচাই করার নির্দেশ দিয়েছেন। অভিযোগ সত্য‌ হ঩লে টাকা ফিরিয়ে নেওয়া হবে। এমনই সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। জেলাশাসক বলেন, পাকাবাড়ি থাকার পরও কারও অ্যাকাউন্টে টাকা গেলে তা ফিরিয়ে নেওয়া হবে। তবে অভিযোগ আসার পর ব্লক প্রশাসন তা নিয়ে তদন্ত করে পদক্ষেপ নেবে। এক আধিকারিক বলেন, আবাস যোজনার তালিকা একাধিকবার যাচাই করা হয়েছে। তারপর টাকা দেওয়া হয়েছে। তারপরও কিছু জায়গায় ভুল হতে পারে। কারণ বাড়ি পাওয়ার জন্য উপভোক্তারা একাধিক কৌশল নিয়েছিল। অনেকে সেই সময় গোয়ালঘরে আশ্রয় নিয়েছিল। অনেকে আবার বাড়ি পাওয়ার জন্য মাটির রান্নাঘরে বসবাস করেছিল। সেক্ষেত্রে কোথাও কোথাও ভুল হতে পারে। তবে এখনও অভিযোগ আসছে। সেগুলি ফের খতিয়ে দেখা হচ্ছে। পাকাবাড়ির কোনও মালিক টাকা পেলে তা ফিরিয়ে নেওয়া হবে। প্রয়োজনে আইনি ব্যবস্থা নেওয়া হবে। প্রশাসন সূত্রে আরও জানা গিয়েছে, বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা উপভোক্তারা পেয়ে গিয়েছেন। সেই টাকায় উপভোক্তাদের বাড়ি তৈরির কাজ শুরু করতে হবে। কেউ বাড়ি তৈরি না করলে টাকা ফিরিয়ে নেওয়া হবে। পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার বলেন, উপভোক্তারা বাড়ি তৈরি করছে কি না তা দেখা হবে। প্রয়োজনে বাড়ির তৈরির কাজ পরিদর্শন করা হবে। উপভোক্তারা নিজেদের পছন্দমতো বাড়ি তৈরি করতে পারবে। ইমারতি সামগ্রীও তারা নিজেরাই কিনতে পারবে। কোনও সিন্ডিকেট তা দেওয়ার জন্য জোর করলে প্রশাসন আইনি পদক্ষেপ নেবে। উপভোক্তাদের দাবি, সমস্ত ইমারতি সামগ্রীর দাম বেড়ে গিয়েছে। এক লক্ষ ২০ হাজার টাকায় বাড়ি তৈরি করা সহজ বিষয় নয়। বালির দাম আগের থেকে অনেক বেড়ে গিয়েছে। ইটের দামও ঊর্ধ্বমুখী। এছাড়া রাজমিস্ত্রির পারিশ্রমিক বেড়ে গিয়েছে। বিজেপি নেতা প্রধানচন্দ্র পাল বলেন, জামালপুর ব্লকে অনেক যোগ্য পরিবার বাড়ি পায়নি। যাদের পাকাবাড়ি রয়েছে তাদের অনেককে টাকা দেওয়া হয়েছে। প্রমাণ দিয়ে আমরা ব্লক প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করেছি। এখন সবকিছুর দাম বেড়ে গিয়েছে। ওই টাকায় ভালোভাবে বাড়ি করা যায় না। 
Advertisement
তৃণমূল নেতা দেবু টুডু বলেন, কেন্দ্রের বিজেপি সরকার টাকা দিলে সমস্যা হতো না। কিন্তু তারা বাংলাকে বঞ্চনা করার জন্য টাকা দেওয়া বন্ধ রেখেছে। রাজ্য সরকার নিজের তহবিল থেকে টাকা দিচ্ছে। বাংলার বাড়ি প্রকল্পে টাকা দেওয়ার ক্ষেত্রে রাজ্য সরকার কোনও রঙ দেখেনি। অনেক বিজেপি পরিবারও বাড়ি পেয়েছে। বিজেপি নেতাদের মুখে এই অভিযোগ মানায় না। উপভোক্তারা যাতে ভালোভাবে বাড়ি তৈরি করতে পারে সেই বন্দোবস্ত সরকার করবে।
সম্পর্কিত সংবাদ