Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

অযোধ্যা পাহাড়ে ফের রোপওয়ে বাস্তবায়নের দাবি পর্যটকদের

অযোধ্যা পাহাড়ে ফের রোপওয়ে বাস্তবায়নের দাবি পর্যটকদের
  • ১৯ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, অযোধ্যা: পরিকল্পনা ছিল অনেক। তবে, তা বাস্তবায়ন হয়নি আজও। পুরুলিয়াকে রাজ্যের পর্যটন মানচিত্রে আরও আকর্ষণীয় করার জন্য রোপওয়ে চালুর যে পরিকল্পনা নিয়েছিল সরকার, তা ফের বাস্তবায়নের দাবি উঠতে শুরু করেছে। 
Advertisement
জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ২০১৬ সালের আগস্টে পুরুলিয়া এসেছিলেন তত্কালীন পর্যটনমন্ত্রী গৌতম দেব। সেই সময় তিনি জানিয়েছিলেন, পুরুলিয়ার সৌন্দর্য আরও ভালোভাবে পর্যটকদের সামনে তুলে ধরতে চাইছে সরকার। পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে রোপওয়ে চালু হবে। তাতে পর্যটনকেন্দ্রের গুরুত্ব যেমন বাড়বে, তেমনই বেশি সংখ্যক পর্যটক এলে আর্থসামাজিক বিকাশ হবে স্থানীয় বাসিন্দাদেরও। প্রাথমিকভাবে ঠিক হয়েছিল, অযোধ্যা পাহাড়ের নীচের জলাধারের সামনে থেকে রোপওয়ে চালু হবে। শেষ হবে আপার ড্যামে গিয়ে। প্রকল্পের জন্য ১০ কোটি টাকা বরাদ্দও করা হয়েছিল। অযোধ্যার পাশাপাশি বাঁকুড়ার মুকুটমণিপুরেও রোপওয়ে চালুর কথা ছিল। কিন্তু, তা বাস্তবায়ন হয়নি আজও। 
তাছাড়া, পুরুলিয়ায় বেড়াতে এসে কোথায় কী দেখার আছে, কোন পথে যেতে হবে, কোথায় থাকার জায়গা পাওয়া যাবে, এই সমস্ত প্রশ্নে মুশকিলে পড়েন পর্যটকরা। তাই পর্যটকদের সুবিধার্থে পুরুলিয়া স্টেশনে একটি ট্যুরিজম ইনফরমেশন সেন্টার চালুর পরিকল্পনা নেওয়া হয়েছিল। অযোধ্যা পাহাড়ের পাদদেশে পর্যটকদের জন্য ডে-কেয়ার সেন্টার চালু হবে বলেও প্রতিশ্রুতি মিলেছিল। পাশাপাশি, সেচদপ্তরের অধীনে যত ড্যাম আছে, তাতে বোটিং চালুরও উদ্যোগ নেওয়া হয়েছিল। কথা ছিল, অযোধ্যা পাহাড়ে ওঠার চারটি রাস্তাতেই প্রবেশদ্বার বসানো হবে। তবে সেসবের কিছুই বাস্তবায়ন হয়নি আজও। ভাবনার স্তরেই আটকে গিয়েছে! 
অযোধ্যা পাহাড়ের একটি অতিথি আবাসের মালিক তথা পুরুলিয়া ডিস্ট্রিক্ট হোটেল অ্যাসোসিয়েশনের সভাপতি মোহিত লাটা বলেন, অনেক কিছুই পরিকল্পনা নেওয়া হয়েছিল। পুরুলিয়ার পর্যটনকে মানুষের কাছে আরও আকর্ষণীয় করতে আমরাও সংগঠনের তরফে প্রশাসনকে একাধিক প্রস্তাব দিয়েছিলাম। আমরা চাই, প্রশাসন এব্যাপারে ভাবনাচিন্তা করে দ্রুত পদক্ষেপ নিক।’ তাঁর সংযোজন, ‘রোপওয়ে, বোটিং চালু হলে অযোধ্যায় আরও পর্যটক আসবে। এলাকার মানুষের আর্থসামাজিক উন্নয়নও হবে।
জেলা প্রশাসনের এক আধিকারিক বলেন, এব্যাপারে ফের নতুন করে ভাবনাচিন্তা করা হবে। পর্যটনকে কীভাবে আরও আকর্ষণীয় করা যায়, সেই পদক্ষেপ নেওয়া হবে।
তবে, রোপওয়ে কিংবা বোটিং না থাকলেও অযোধ্যা নিজের প্রকৃতিগুণেই অনেক আকর্ষণীয়। গত শনিবার ও রবিবারও অযোধ্যায় পর্যটকদের ভিড় ছিল দেখার মতো। হোটেল, হোমস্টেগুলিতে তিল ধারণের জায়গা ছিল না। তবে, গড়পঞ্চকোট, বড়ন্তিতে পর্যটকের সংখ্যা তুলনামূলক কম। বড়ন্তির হোটেল ব্যবসায়ীদের একাংশের কথায়, পর্যটক আসছে। তবে, সেই পরিচিত ভিড়টা যেন উধাও হয়ে গিয়েছে। গুটিকয়েক রিসর্ট বাদ দিয়ে বাকি হোটেলগুলি বুকিং খুব ভালো নেই। তবে, আশা করছি আগামী কয়েক দিনে পর্যটকদের ভিড় বাড়বে।
সম্পর্কিত সংবাদ