আগামী তিনদিনে রাজ্যের নানাস্থানে  সর্বনিম্ন তাপমাত্রা ৩-৪ ডিগ্রি কমবে
  • ২৩ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামী তিনদিনের মধ্যে রাজ্যের বিভিন্ন জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা ৩-৪ ডিগ্রি সেলসিয়াস কমবে। আবহাওয়া দপ্তর পূর্বাভাসে জানিয়েছে, আগামীকাল বুধবার নাগাদ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা এই সময়ের স্বাভাবিক ১৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে চলে আসতে পারে। রবিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.৭ ডিগ্রি, যা এই সময়ের স্বাভবিক সর্বনিম্ন তাপমাত্রার থেকে ৪.৭ ডিগ্রি বেশি। আবহাওয়াবিদরা বলছেন, ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে দক্ষিণবঙ্গের বায়ুমণ্ডলে প্রচুর পরিমাণে যে জলীয় বাষ্প প্রবেশ করে তার একটা অংশ এখনো রয়ে গিয়েছে। এর জন্য আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন থাকছে। মেঘ ও জলীয় বাষ্পের আস্তরণ থাকার জন্য রাতে পরিবেশ থেকে তাপের বিকিরণ বাধাপ্রাপ্ত হচ্ছে। এই কারণে ভোরের সর্বনিম্ন তাপমাত্রা বেশি রয়েছে। জলীয় বাষ্প বেশি থাকার জন্য দুপুর বেলা বাইরে বের হলেও বেশ গরমের অনুভূতি থেকেছে। আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন থাকার জন্য দুপুরের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে কিছুটা কম থাকছে। রবিবার মাঝে মাঝে রোদ উঠলেও কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা (২৭. ২ ডিগ্রি) স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম ছিল। চড়া রোদ উঠলে ফের কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রির আশপাশে চলে আসবে বলে আবহাওয়াবিদরা মনে করছেন। 

Advertisement

আবহাওয়াবিদদের মতে, কলকাতায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা স্থায়ীভাবে যথাক্রমে ৩০ ও ২০  ডিগ্রির তলায় চলে এলে হালকা গোছের শীত পড়েছে বলে ধরা যায়। এবার এখনো কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রির তলায় আসেনি। সেটা চলতি সপ্তাহে হবে বলে আবহাওয়াবিদদের আশা করছেন। আকভানের প্রভাব পুরোপুরি কাটলেও পশ্চিমি শুষ্ক হাওয়া সক্রিয় হবে। এটা সর্বনিম্ন তাপমাত্রা কমাতে সহায়ক হবে। এদিন দক্ষিণবঙ্গের প্রায় সব জায়গাতে সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রির বেশি বা আশপাশে ছিল। সবথেকে কম তাপমাত্রা অবশ্য  ছিল কৃষ্ণনগরে (১৮.৮ ডিগ্রি)। উত্তরবঙ্গে সমতল এলাকার মধ্যে আলিপুরদুয়ারে সবথেকে কম ১৭ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড হয়। পশ্চিমি হাওয়া সক্রিয় হলে তাপমাত্রা কমবে জেলাতেও। বাতাসে জলীয় বাষ্প থাকার জন্য আজ সোমবারও রাজ্যের কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে। মঙ্গলবার থেকে আবহাওয়া পুরোপুরি শুষ্ক হয়ে যাবে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে।