প্রীতেশ বসু ও সৌম্যজিৎ সাহা: কলকাতা ও দক্ষিণ ২৪ পরগনা: প্রধানমন্ত্রী আবাস যোজনা (আর্বান) বা শহর এলাকার জন্য কেন্দ্রীয় সহায়তাপ্রাপ্ত আবাস প্রকল্পের আর্থিক সহায়তা পেতে রাজ্যের কাছে এখনো পর্যন্ত ১ লক্ষ ৫৯ হাজার ১৩৬টি আবেদন জমা পড়েছে। তার মধ্যে ২১ নভেম্বর পর্যম্ত পাওয়া হিসাব অনুযায়ী ৬৩ হাজার ৪৬১টি আবেদনের যাচাই সম্পূর্ণ হয়েছে। অর্থাৎ, মোট আবেদনের প্রায় ৪০ শতাংশের যাচাই প্রক্রিয়া শেষ হয়েছে। অন্যদিকে, যাচাই হওয়া আবেদনের মধ্যে ৪১ হাজার ৯১টি ক্ষেত্রে জিও ট্যাগিং সম্পন্ন হয়েছে, যা যাচাই হওয়া আবেদনের ৬৪.৭ শতাংশ। এই পরিস্থিতিতে রাজ্যজুড়ে ৩২ হাজার ৮৩০টি বাড়ি নির্মাণের শিলান্যাস দিয়ে শহর এলাকার প্রান্তিক মানুষের মাথায় পাকাছাদ দেওয়ার আনুষ্ঠানিক সূচনা করতে চলেছে শুভেন্দু অধিকারীর সরকার। সূত্রের খবর, ৬ ডিসেম্বর রাজ্যজুড়ে শিলান্যাস কর্মসূচির আয়োজন করা হচ্ছে রাজ্যের তরফে।
রাজ্য সরকার সূত্রে পাওয়া খবর অনুযায়ী, ইতিমধ্যেই জেলাভিত্তিক এবং পুরসভাভিত্তিক অনুমোদিত বাড়ির তালিকা সংশ্লিষ্ট পুরসভাগুলিতে পাঠিয়ে দেওয়া হয়েছে। মঙ্গলবার পুরসভার এগজিকিউটিভ অফিসারদের সঙ্গে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে বৈঠক করে কর্মসূচির প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, ২৯ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত প্রতিটি পুরসভায় বিশেষ শিবিরের আয়োজন করা হবে। সেখানে যাঁরা নিজেদের এই প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য বলে মনে করছেন, তাঁরা নতুন করে আবেদন করতে পারবেন। পাশাপাশি এই শিবিরে আগের আবেদনের নথিপত্র সংক্রান্ত সমস্যা মেটানোর ব্যবস্থাও থাকবে।
প্রতিটি ওয়ার্ড বা বরোতে সাতটি পৃথক পরিষেবা কেন্দ্র থাকবে। আবেদন গ্রহণ ও যাচাইয়ের পাশাপাশি ব্যাংকঋণ, শৌচাগার নির্মাণ, সৌরবিদ্যুৎ প্রকল্প এবং পথবিক্রেতাদের ঋণ সংক্রান্ত পরিষেবাও মিলবে একই শিবির থেকে। অনুমোদিত উপভোক্তাদের বাড়ি নির্মাণের কাজ শুরু করার জন্য প্রয়োজনীয় ছাড়পত্র এবং প্রথম কিস্তির অর্থ প্রদানের ব্যবস্থাও এই কর্মসূচির সঙ্গে যুক্ত থাকবে বলেও প্রশাসন সূত্রে খবর।
পুরসভাভিত্তিক পরিসংখ্যানে দেখা যাচ্ছে, রাজ্যে সর্বাধিক ২,৬১৯টি বাড়ির শিলান্যাসের জন্য অনুমোদন পেয়েছে মেদিনীপুর পুরসভা। দ্বিতীয় স্থানে মুর্শিদাবাদের জঙ্গিপুর, সেখানে অনুমোদিত বাড়ির সংখ্যা ২,২৫১। এছাড়া পুরাতন মালদহে ১,১৫৩, খড়্গপুরে ১,০৫৯, আসানসোলে ১,০৫০ এবং ঘাটালে ১,০৩২টি বাড়ির শিলান্যাসের তালিকায় রয়েছে। অন্যদিকে, হুগলির শ্রীরামপুর পুরসভায় অনুমোদিত বাড়ির সংখ্যা মাত্র ২২। কলকাতা পুরসভার জন্য ৩৩০টি বাড়ির অনুমোদন দেওয়া হয়েছে। হাওড়া পুরসভায় ৯৮টি এবং বালি পুরসভায় ২৯টি বাড়ির শিলান্যাস হবে। দক্ষিণ ২৪ পরগনার রাজপুর-সোনারপুর পুরসভায় ১৮৯টি বাড়ির অনুমোদন মিলেছে। তবে অনুমোদন পাওয়ার পর উপভোক্তারা কীভাবে বিল্ডিং প্ল্যান জমা দেবেন, তা নিয়ে প্রশ্ন তুলেছে রাজপুর-সোনারপুর পুরসভায় কর্তৃপক্ষ। অনলাইনে না অফলাইনে বিল্ডিং প্ল্যান জমা দিতে হবে, সে বিষয়ে স্পষ্ট নির্দেশ না-থাকায় দপ্তরের কাছে ব্যাখ্যা চেয়ে তারা চিঠিও পাঠিয়েছে।



