লখনউ: এসআইআর পর্বে উত্তরপ্রদেশে বাদ গিয়েছে ১ কোটিরও বেশি হিন্দু ভোটারের নাম। যার ফলে ২৮টি শহুরে বিধানসভা এলাকায় দুর্বল হয়েছে বিজেপির ভিত্তি। স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বা এসআইআরের পরিসংখ্যান নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। শুক্রবার বিজেপির কার্যনির্বাহী বৈঠকে বিষয়টির উপর দলীয় কর্মীদের সতর্ক নজর রাখার নির্দেশ দেন যোগী। তিনি জানান, ১ কোটি ২৭ লক্ষ হিন্দু ভোটারের নাম বাদ গিয়েছে। দলের সাংসদ, বিধায়ক ও কর্মীদের যোগীর নির্দেশ, বিএলওদের সঙ্গে সমন্বয় রেখে কাজ করে হিন্দু ভোটারদের নাম তালিকায় নিশ্চিত করতে হবে।
মুখ্যমন্ত্রীর বক্তব্য, রাজ্যে অন্তত ১৬ কোটি ভোটার থাকা উচিত। কিন্তু বর্তমানে যোগ্য ভোটারের সংখ্যা ১৩ কোটি। পঞ্চায়েত ভোটে নাম থাকা ৬৬ লক্ষের নাম বাদ গিয়েছে এসআইআরে। বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা প্রাপক ৫৫ লক্ষেরও নাম বাদ গিয়েছে। এসআইআর প্রক্রিয়ায় রাজ্যে অপেক্ষাকৃত কম সংখ্যক নতুন ভোটার যোগ হওয়া নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি।
প্রসঙ্গত, উত্তরপ্রদেশে বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআরে বাদ পড়েছে ২ কোটি ৪ লক্ষ ভোটারদের নাম। তাঁদের বেশিরভাগই শহুরে এলাকার। বাদের তালিকায় রয়েছে বহু মহিলা ভোটারও। নির্বাচন কমিশন জানিয়েছে, এসআইআর পর্বে ৮৪ লক্ষ নতুন নাম সংযোজনের পর উত্তরপ্রদেশে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ১৩ কোটি ৪০ লক্ষ।



