গোপাল সূত্রধর, বালুরঘাট: দক্ষিণ দিনাজপুর জেলায় বকেয়া বিদ্যুৎ বিলের পরিমাণ ৫৬ কোটি টাকা। বকেয়ার তালিকায় সরকারি দপ্তরের নামই বেশি রয়েছে। দীর্ঘ দিনের এই বকেয়া বিল আদায়ে এবার জোর দিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বণ্টন কোম্পানি। গত দু’মাসে জেলায় চার হাজার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে বন্টন কোম্পানি। বকেয়া আদায়ের পর আবার নতুন করে বিদ্যুৎ সংযোগ দেওয়া হচ্ছে। এর ফলে প্রায় ১৩ কোটি টাকা আদায় করতে সক্ষম হয়েছে তারা। রাজ্য সরকারের নির্দেশে এই অভিযান ধারাবাহিক ভাবে চলবে বলে সূত্রের খবর।
বিদ্যুৎ দপ্তরের রিজিওনাল ম্যানেজার সৌভিক সরকার বলেন, গত দু’মাস ধরে আমরা লাগাতার অভিযান চালাচ্ছি। যাতে বকেয়া বিদ্যুৎ বিল আদায় করা যায়। প্রায় চার হাজার সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। বকেয়া প্রায় ১৩ কোটি টাকা জমা পড়ার পর সংশ্লিষ্ট গ্রাহকদের পুনরায় বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। এখনও প্রায় ৫৬ কোটি টাকা বকেয়া রয়েছে। আমরা এই বকেয়া আদায়ের উপর জোর দিচ্ছি।
দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ও বুনিয়াদপুর বিদ্যুৎ বিভাগের গ্রাহকদের কাছে বিদ্যুৎ বিল বাবদ মোট ৫৬ কোটি টাকা বকেয়া রয়েছে। দপ্তর সূত্রে জানা গিয়েছে, বালুরঘাট ডিভিশনে ওই বকেয়ার পরিমাণ প্রায় ১৭ কোটি টাকা। এর মধ্যে গৃহস্থালী ও বাণিজ্যিক ক্ষেত্রে বকেয়া চার কোটি টাকা। কৃষি ক্ষেত্রে আরও চার কোটি টাকা বকেয়া রয়েছে। শুধুমাত্র সরকারি দপ্তরগুলির বিদ্যুৎ বিল বাবদ বকেয়ার পরিমাণ প্রায় নয় কোটি টাকা। অন্যদিকে, বুনিয়াদপুর ডিভিশনে বিদ্যুৎ বিলের বকেয়া সবচেয়ে বেশি। সেখানে মোট বকেয়ার পরিমাণ ২৪ কোটি টাকা। গৃহস্থালী ও বাণিজ্যিক ক্ষেত্রে বকেয়া ১৩ কোটি টাকা। কৃষি ক্ষেত্রে বকেয়া রয়েছে প্রায় পাঁচ কোটি টাকা। সরকারি দপ্তরগুলির বকেয়া রয়েছে ছয় কোটি টাকা। এছাড়া গৃহস্থালী, বাণিজ্যিক, কৃষি ও সরকারি দপ্তর মিলিয়ে পাঁচ হাজার টাকার নিচে বকেয়া থাকা গ্রাহকদের কাছে আরও প্রায় ১৫ কোটি টাকা পাওনা রয়েছে। সব মিলিয়ে জেলায় বিদ্যুৎ বিলের মোট বকেয়া ৫৬ কোটি টাকা।
এদিকে, নতুন রাজ্য সরকার ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রীর নির্দেশে বিদ্যুৎ বিলের বকেয়া আদায়ে বিশেষ জোর দেওয়া হয়েছে। সেই কারণে গত দু’মাস ধরে লাগাতার অভিযান চলছে। অভিযানে দেখা গিয়েছে, সরকারি একাধিক দপ্তরের বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে। সেই সমস্ত সরকারি দপ্তরে নোটিশ পাঠিয়ে বকেয়া আদায়ের উপর জোর দেওয়া হয়েছে। প্রয়োজনে কয়েকটি সরকারি দপ্তরের বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করা হয়েছে। সম্প্রতি বালুরঘাটে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার বাস টার্মিনাসের বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করা হয়েছিল। পরে বকেয়া পরিশোধের পর পুনরায় সংযোগ দেওয়া হয়েছে।
ইতিমধ্যেই ১৩ কোটি টাকা বকেয়া আদায় করেছে দপ্তর। যাঁদের বিদ্যুৎ বিলের বকেয়া বেশি, তাঁদেরই সংযোগ বিচ্ছিন্ন করা হচ্ছে। তবে পাঁচ হাজার টাকার নিচে বকেয়া থাকা গ্রাহকদের ক্ষেত্রে আপাতত ছাড় দেওয়া হচ্ছে। বকেয়া আদায়ে কড়া পদক্ষেপ নিয়েছে বিদ্যুৎ দপ্তর।