রান্নার গ্যাসের মেনেটেনেন্সের নামে বাড়ি গিয়ে ২৩৬ টাকা আদায়, ক্ষোভ
  • ২৯ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: এ যেন মড়ার উপর খাঁড়ার ঘা। এমনিতেই রান্নার গ্যাসের সিলিন্ডার কিনতে কপালে চিন্তার ভাঁজ পড়ছে মধ্যবিত্তের। গ্যাসের খরচ বাঁচাতে রান্নাও করছেন মেপে। তারপর আবার মেনটেনেন্সের নামে বাড়ি বাড়ি গিয়ে ২৩৬টাকা করে আদায় করছে গ্যাস ডেলিভারি সংস্থাগুলি। রীতিমতো বাড়িতে গিয়ে তারা রসিদ ধরাচ্ছে। সব গ্রাহককেই টাকা দিতে হচ্ছে। বেশ কিছুদিন ধরেই শুরু হয়েছে এই প্রক্রিয়া।

Advertisement

গ্রাহকদের অভিযোগ, সিলিন্ডার এবং ওভেন শুধুমাত্র চোখে দেখেই ২৩৬ টাকা বিল কাটা হচ্ছে। সার্ভিসিং করা হচ্ছে না। গ্যাস সিলিন্ডার ডেলিভারি সংস্থাগুলির অবশ্য দাবি, নিরাপত্তার জন্য কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ওভেন সহ সবকিছু চেক করছেন। তার জন্য ন্যূনতম টাকা নেওয়া হচ্ছে।  গ্রাহক বাপ্পা শেখ বলেন, কয়েকদিন আগে হঠাৎ করে দেখি, তিনজন মহিলা বাড়ির দরজায় এসে কড়া নাড়ছেন। তাঁরা বলেন, সিলিন্ডার চেক করার জন্য এসেছেন। কিছুক্ষণ দেখে ২৩৬টাকা বিল কেটে দিয়ে যান। আমাদের মতো মধ্যবিত্তের কাছে  ২৩৬টাকাই অনেক। নিরাপত্তা দেখার কাজ ডেলিভারি সংস্থাগুলির। তাদের নিজস্ব কর্মীও রয়েছে। তারপরও কেন গ্রাহকদের অতিরিক্ত চার্জ দিতে হবে?
 আর এক উপভোক্তা শর্মিষ্ঠা ধাড়া বলেন, সরকার শুধু সিলিন্ডারের দাম বাড়িয়ে থেমে থাকছে না, তারা বিভিন্নভাবে টাকা নেওয়ার চেষ্টা করছে। এরকম চলতে থাকলে আবার সেই উনুনে রান্নার অভ্যাস করতে হবে। মাঝে একসময় গ্যাসের নতুন পাইপ নেওয়া বাধ্যতামূলক করা হয়েছিল। এখন আবার মেনটেনেন্সের নামে টাকা নেওয়া হচ্ছে। প্রায় প্রতি মাসে ডেলিভারি কর্মীরা বাড়ি  বাড়ি যান। তাঁরাই সিলেন্ডার চেক করতে পারেন। আলাদা করে কর্মী পাঠিয়ে টাকা নেওয়ার কোনো যুক্তি নেই। আর এক গ্রাহক বলেন, সংস্থার কর্মীরা গিয়ে সার্ভিসিং করলে তবুও টাকা দিতে খারাপ লাগত না। কিন্তু কিছু না করেই রসিদ দেওয়া হচ্ছে। সবাইকে টাকা দিতে প্রায় বাধ্য করা হচ্ছে। দ্রব্যমূল্যর বৃদ্ধির জেরে এখন সংসার টানতেই নাজেহাল অবস্থা। বাড়তি টাকা খরচের সমর্থ্য বহু পরিবারের নেই। তাছাড়া কোনো সমস্যা হলে বিনামূল্যেই গ্যাস উৎপাদনকারী সংস্থার কর্মীদের তা দেখে দেওয়া উচিত। এভাবে বিভিন্ন সময় গ্রাহকদের হয়রানি করার কোনো যুক্তি নেই।
 গ্যাস উৎপাদনকারী সংস্থা সূত্রে জানা গিয়েছে, নতুন করে ১৪কেজি সিলিন্ডারের সংযোগ দেওয়া বন্ধ রাখা হয়েছে। পরিবর্তে ১০কেজি সিলিন্ডার বিক্রিতে জোর দেওয়া হয়েছে। তাতে সংস্থাগুলি লাভবান হলেও গ্রাহকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে অনেকেই দাবি।  এক ডিলার বলেন, প্রায়ই সিলিন্ডার থেকে দুর্ঘটনা হচ্ছে। অনেকেই দীর্ঘদিন পাইপ বদল করেন না। ওভেন ও ঠিকমতো রক্ষণাবেক্ষণ হয় না। সেকারণেই কর্মীরা গিয়ে সবকিছু দেখছেন। তাতে গ্রাহকদের অতিরিক্ত টাকা দিতে হলেও তাঁরা নিরাপদ থাকছেন। মেনটেনেন্সের জন্য টাকা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।