সংবাদদাতা, উলুবেড়িয়া: রাজ্যের নাগরিকদের কাছে আরও ভালোভাবে পরিষেবা পৌঁছে দিতে রাজ্যে শুরু হচ্ছে ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ প্রকল্প। শনিবার থেকে প্রতি জেলায় তা শুরু হয়েছে। হাওড়া জেলাতেও চলছে জোরকদমে প্রস্ততি। জেলা প্রশাসন সূত্রে খবর, জেলার কোথায় কোথায় ক্যাম্প বসবে সে তালিকা শীঘ্রই প্রকাশ হবে। জেলায় ১৫৭টি গ্রাম পঞ্চায়েত, হাওড়া পুরনিগম, বালি ও উলুবেড়িয়া পুরসভা মিলিয়ে মোট চার হাজার ৩০০ বুথ আছে। এর মধ্যে কমপক্ষে তিনটি বুথ নিয়ে একটি শিবির হবে। ব্লক প্রশাসন শিবিরের তালিকা জেলা প্রশাসনের আধিকারিকদের জানাবেন। ব্লক প্রশাসনের কর্তারা জানান, কোন কোন বুথ নিয়ে শিবির হবে প্রাথমিকভাবে সে সংক্রান্ত বৈঠক হয়েছে। অন্যদিকে উদয়নারায়ণপুর বিধানসভার ৩৩৩টি বুথের দলীয় কর্মীদের নিয়ে প্রস্ততি বৈঠক করেন বিধায়ক সমীর পাঁজা। বিধায়ক জানান, মুখ্যমন্ত্রীর এই মেগা প্রকল্প প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিতে ত্রিস্তর পঞ্চায়েতের প্রতিনিধি এবং বুথ সভাপতিদের নিয়ে বৈঠক করা হয়। নাগরিকরা শিবিরে এসে এলাকার সমস্যার কথা জানাতে পারবেন এবং তা সমাধান করা হবে।



