নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া: জনপ্রিয় বাংলা ওটিটি প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন দেওয়ার নাম করে প্রায় ৯৯হাজার টাকা প্রতারণার ঘটনায় নদীয়া থেকে দু’জনকে গ্রেপ্তার করল সাইবার ক্রাইম থানার পুলিস। ধৃতদের নাম বিশ্বজিৎ নাহা ও সুব্রতকুমার বসু। ধৃত দু’জনেই নদীয়া জেলার বাসিন্দা। পুলিস সূত্রের খবর, পুরুলিয়া শহরের এক বৃদ্ধ ওটিটি প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন নেওয়ার জন্য গুগলে সার্চ করেন। সেখানে একটি ফোন নম্বর পেয়ে তাতে ফোন করেন। এরপরেই তাঁর কাছে অন্য একটি নম্বর থেকে ফোন আসে। নিজেকে ওটিটির প্রতিনিধি বলে পরিচয় দেয়। সাবস্ক্রিপশন দেবে বলে বৃদ্ধের মোবাইলে একটি লিঙ্ক শেয়ার করে। সেই লিঙ্কে ক্লিক করার পরেই বৃদ্ধের অ্যাকাউন্ট থেকে ৯৯ হাজার টাকা কেটে নেয়। ঘটনায় তিনি অভিযোগ দায়ের করেন। পুলিস তদন্তে নেমে দু’জনকে গ্রেপ্তার করে।



