Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ওটিতে কি নির্দেশিকা মানছেন জুনিয়ররা? হাজির প্রিন্সিপাল  

ওটিতে কি নির্দেশিকা মানছেন জুনিয়ররা? হাজির প্রিন্সিপাল  
  • ১৬ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: মেদিনীপুর কাণ্ডের পর এবার অপারেশন থিয়েটারে(ওটি) জুনিয়র ডাক্তারদের ভূমিকা খতিয়ে দেখতে সারপ্রাইজ ভিজিট শুরু করল বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। বাঁকুড়া মেডিক্যালের অধ্যক্ষ পঞ্চানন কুণ্ডু ও এমএসভিপি অর্পণকুমার গোস্বামী শল্য চিকিৎসায় জুনিয়র ডাক্তারদের অংশগ্রহণ প্রক্রিয়া ঘুরে দেখছেন। নিয়ম মেনে পিজিটি’রা অপরেশন থিয়েটারে কাজ করছেন কিনা তা বাঁকুড়া মেডিক্যালের ওই দুই শীর্ষ কর্তা নিশ্চিত করতে চাইছেন। মেদিনীপুরের মতো যাতে ‘অপটু’ হাতে জুনিয়র ডাক্তাররা রোগীদের অপারেশন না করেন, তা দেখা হচ্ছে বলে আধিকারিকরা জানিয়েছেন। মেদিনীপুর কাণ্ড পরবর্তী সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখতে বুধবার বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ কাউন্সিলের গুরুত্বপূর্ণ বৈঠক হয়। এদিন বিকেলে ওই বৈঠক শুরু হয়। রুদ্ধদ্বার ওই বৈঠক বেশ কিছুক্ষণ ধরে চলে। তাতে আধিকারিক, চিকিৎসকদের পাশাপাশি কলেজ কাউন্সিলের অন্যান্য সদস্যরাও অংশ নেন। 
Advertisement
অধ্যক্ষ বলেন, পিজিটিরা (স্নাতকোত্তর স্তরের ডাক্তারি পড়ুয়া) অপারেশন থিয়েটারে উপস্থিত থাকতে পারেন। ন্যাশনাল মেডিক্যাল কাউন্সিলের নিয়মের আওতায় তাঁদের পাঠক্রমেই বিষয়টি রয়েছে। তবে প্রথম থেকেই হাতে ছুরি-কাঁচি ধরতে তাঁরা পারেন না। সিনিয়র চিকিৎসকদের সাহায্য করা দিয়ে অপরেশন থিয়েটারে তাঁদের হাতেখড়ি হয়। পরে ধাপে ধাপে তাঁরা শল্য চিকিৎসায় অংশ নেন। ওই নিয়ম মেনে জুনিয়র ডাক্তাররা চলছেন কিনা তা খতিয়ে দেখতে এমএসভিপিকে সঙ্গে নিয়ে আমি ওটিতে সারপ্রাইজ ভিজিট করছি। তবে এটা মেদিনীপুরের ঘটনার পর হচ্ছে এমন নয়। এর আগেও আমরা অপারেশন থিয়েটার পরিদর্শন করেছি।
সম্পর্কিত সংবাদ