সংবাদদাতা, মেদিনীপুর: আম্রুত প্রকল্পে যে সব হোল্ডিংয়ে একাধিক সংযোগ দেওয়া হয়েছে তা খুলে দেওয়ার নির্দেশ দিল মেদিনীপুর পুরসভা। রবিবার পুরসভার চেয়ারম্যান সৌমেন খান বলেন, যে সংস্থা বাড়ি বাড়ি পানীয় জলের সংযোগ দেওয়ার কাজ করছে তাদের এই নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, কিছু আভিযোগ পাওয়ার পর তা খতিয়ে দেখা হয়। তারপরই এই নির্দেশ দেওয়া হয়। নির্দেশ মতো সংযোগ খুলে দেওয়া হয়েছে কিনা তাও খতিয়ে দেখবে পুরসভা। তারমতে কাজ কম করার জন্যই এই পথ নিয়েছে সংস্থা। প্রসঙ্গত আম্রুত প্রকল্পে কাঁসাই নদীর গান্ধীঘাট এলাকায় জল প্রকল্পের কাজ শেষ পর্যায়ে। এখনও জল সরবরাহ না হলেও বাড়ি বাড়ি সংযোগ দেওয়ার কাজ শুরু হয়েছে। এই কাজের বরাত দেওয়া হয়েছে বেসরকারি সংস্থাকে। পুরসভা সূত্রের খবর শহরে প্রায় ৬০ হাজার হোল্ডিংয়ে সংযোগ দেওয়া হবে। প্রায় ২২ হাজার সংযোগ দেওয়া হয়ে গিয়েছে। বাসিন্দারা বিনা পায়সায় একটা নির্দিষ্ট পরিমাণ জল পাবেন। খুব শীঘ্রই পরীক্ষামূলক ভাবে জল সরবরাহ করে দেখা হবে। নিয়মমতো একটি হোল্ডিংয়ে একটি সংযোগ দেওয়া হবে। কিন্তু, অভিযোগ উঠেছে এক একটি হোল্ডিংয়ে একাধিক সংযোগ দেওয়া হচ্ছে। এই অনিয়মের অভিযোগ পাওয়ার পরই পুরসভা তদন্ত শুরু করে।



