সংবাদদাতা, ইসলামপুর: ওটিপি বলে প্রায় ৯০ হাজার টাকা খোয়া গেল যুবকের। ইসলামপুরের মাটিকুণ্ডা-২ পঞ্চায়েতের কাশিবাড়ি এলাকার যুবক মহম্মদ বদিরুদ্দিনের সঙ্গে এই প্রতারণা হয়েছে। মঙ্গলবার ইসলামপুর সাইবার থানায় অভিযোগ জানিয়েছেন তিনি। বদিরুদ্দিন বলেন, দুপুর দু’টো নাগাদ একটি ফোন আসে। ব্যাঙ্কের কেওয়াইসি করার জন্য আধার, প্যান ও এটিএম কার্ডের ছবি তুলে পাঠাতে বলা হয়। এরপর মোবাইলে ওটিপি এলে তাদের দিই। এরপরেই প্রথমে ৫ হাজার ও পরে ৪ হাজার ৪৭ টাকা উধাও হয়ে যায়। কাশিবাড়ি জামে মসজিদের ফান্ডের টাকা বদিরুদ্দিন সহ তিনজনের জয়েন্ট অ্যাকাউন্টে জমা রাখা ছিল। কিছুক্ষণ পর সেখান থেকে ৫০ হাজার টাকা ট্রান্সফার হয় বদিরুদ্দিনের অ্যাকাউন্টে। ধাপে ধাপে সেই টাকাও উধাও হয়ে যায়। জয়েন্ট অ্যাকাউন্টের দু’টি এটিএম কার্ডও প্রতারকরা অ্যাকটিভ করে আরও ৩০ হাজার টাকা তুলে নেয় বলে অভিযোগ। সব মিলিয়ে প্রায় ৯০ হাজার টাকা খোয়া গিয়েছে। জাহাঙ্গির বলেন, জয়েন্ট অ্যাকাউন্টে আমিও আছি। দুপুর থেকে বিকেল পর্যন্ত ধাপে ধাপে টাকা উধাও হয়েছে। এর জন্য অন্তত ২০ বার ওটিপি এসেছে এবং বদিরুদ্দিন সেই ওটিপি শেয়ার করেছে। আমার মোবাইলে টাকা তোলার মেসেজ আসছিল। বার বার বদিরুদ্দিনকে ফোন করলেও ফরোয়ার্ড হয়ে যাচ্ছিল। পুলিস জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে।



